কুমিল্লা: বাংলাদেশের কুমিল্লা নগরীতে একটি মন্দিরে হাতবোমা নিক্ষেপের ঘটনায় পুরোহিতসহ অন্তত তিনজন আহত হয়েছেন। হামলার পর পালিয়ে যাওয়ার সময় হামলাকারীরা পাশের একটি মসজিদের সামনেও আরও দুটি হাতবোমা নিক্ষেপ করে বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
শনিবার সন্ধ্যায় নগরের ঠাকুরপাড়া কালীগাছতলা মন্দির এলাকায় এই হামলার ঘটনা ঘটে। কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ মন্দিরে ‘শনি পূজা’ চলাকালীন তিনজন দুষ্কৃতী মণ্ডপের ভেতরে হাতবোমা ছুড়ে মারে।
বোমাটি পড়ে থাকতে দেখে মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী লাঠি দিয়ে সেটি সরানোর চেষ্টা করলে বিস্ফোরণ ঘটে। এতে তিনি আহত হন। পরে হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় পাশের বাগানবাড়ি মসজিদের সামনে আরও দুটি হাতবোমা নিক্ষেপ করে। ওই বিস্ফোরণে নামাজ পড়তে যাওয়া আবদুল বারেকসহ আরও একজন আহত হন। আহতদের কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার খবর পেয়ে কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, র্যাব–কুমিল্লার অধিনায়ক মেজর সাদমান ইবনে আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, হামলাকারীরা মন্দিরের সামনে একটি সাদা ব্যাগ ফেলে রেখে যায়। সন্দেহজনক ওই ব্যাগটি পুলিশ হেফাজতে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহায়তায় ব্যাগটি খুলে দেখা হবে।
তিনি বলেন, “নির্বাচন-পরবর্তী সময়ে কুমিল্লার পরিবেশ অশান্ত করতে কোনো সন্ত্রাসী গোষ্ঠী এই হামলা চালিয়ে থাকতে পারে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। ঢাকা থেকে বিশেষজ্ঞ দল এসে তদন্তে সহায়তা করবে।”
পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিষয় : Bangladesh HINDU Bangladeshi Hindu

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন