সামশেরগঞ্জ: লোকসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদে অস্ত্র কারবারিদের দাপট রুখতে গিয়ে বড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে সামশেরগঞ্জের দু’টি পৃথক এলাকায় অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র ও পাঁচটি কার্তুজ উদ্ধার করল সামশেরগঞ্জ থানার পুলিশ। এই ঘটনায় ঝাড়খণ্ডের এক যুবকসহ মোট দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
সামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে বুধবার রাতে পুলিশের দু’টি বিশেষ দল অভিযানে নামে। প্রথম সাফল্য আসে রতনপুর স্টেশন মোড় এলাকায়। সেখান থেকে নবীরুল শেখ (২৭) নামে এক যুবককে আটক করে পুলিশ। তল্লাশিতে তার কাছ থেকে একটি দেশি পাইপগান ও দু’টি কার্তুজ উদ্ধার হয়। ধৃত নবীরুলের বাড়ি ঝাড়খণ্ডের পাকুড় জেলার জিকরঘাটি এলাকায়।
অন্যদিকে, ধূসরিপাড়া কলোনি এলাকায় উমর হালদার (৪০) নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় পুলিশ। সেখান থেকে উদ্ধার হয় দু’টি দেশি পাইপগান ও তিনটি কার্তুজ। ঘটনাস্থল থেকেই উমরকে গ্রেফতার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ধৃত নবীরুল শেখ ঝাড়খণ্ড থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ পাচারের উদ্দেশ্যেই সামশেরগঞ্জে এসেছিল বলে জানা গিয়েছে। অন্যদিকে, উমর হালদারের বিরুদ্ধে গরুপাচারচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে। পুলিশের অনুমান, অপরাধমূলক কাজে ব্যবহারের জন্যই সে নিজের বাড়িতে এই মারণাস্ত্র মজুত করে রেখেছিল।
এই বিপুল পরিমাণ অস্ত্র কোথা থেকে আনা হয়েছে এবং এর পিছনে আন্তঃরাজ্য কোনও বড় পাচারচক্র কাজ করছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃত দু’জনকেই বৃহস্পতিবার জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। নির্বাচনের মুখে সীমান্তবর্তী এলাকায় এই অস্ত্র উদ্ধার পাচারকারীদের জন্য বড়সড় ধাক্কা বলে মনে করছে জেলা পুলিশ।
বিষয় : MurshidabadNews

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন