ব্যারাকপুর: দোলের আবহের মধ্যেই মর্মান্তিক দুর্ঘটনা উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে। পুকুরে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হলো এক স্কুল ছাত্রের। মৃত ছাত্রের নাম রুবেল সরকার। সে ব্যারাকপুর রাষ্ট্রীয় বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল বলে জানা গিয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে খবর, ব্যারাকপুরের আনন্দপুরী এলাকার বাসিন্দা শুভময় রায় এবং রুবেল সরকার— এই দুই পড়ুয়া মিলে স্থানীয় একটি পুকুরে স্নান করতে নেমেছিল। স্নান করার সময় আচমকাই তারা দুজনে গভীর জলে ডুবে যেতে থাকে। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই তাঁরা দ্রুত উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। দীর্ঘ প্রচেষ্টার পর দুজনকে জল থেকে উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধারের পর দ্রুত তাঁদের ব্যারাকপুর ডা. বি. এন. বসু মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা রুবেল সরকারকে পরীক্ষা করার পর মৃত বলে ঘোষণা করেন। অন্য ছাত্রটি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় ব্যারাকপুর থানার পুলিশ। ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে। স্কুল ছাত্রের এমন অকাল মৃত্যুতে পরিবার ও সহপাঠীদের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে।
বিষয় : Barrackpore tragedy accidentaldeath student

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন