আলিপুরদুয়ার: কাজে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল চার চা বাগান শ্রমিকের। শনিবার সকালে হাসিমারা–জয়গাঁ এশিয়ান হাইওয়েতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ও আহতরা সকলেই আলিপুরদুয়ারের বাসিন্দা। তাঁরা আগে ভার্নাবাড়ি চা বাগানে কাজ করতেন। বাগানটি বন্ধ হয়ে যাওয়ার পর পাশের বিচ চা বাগানে কাজ পান। প্রতিদিনের মতো এদিনও সকালে সাইকেল নিয়ে এশিয়ান হাইওয়ে ধরে কাজে যাচ্ছিলেন তাঁরা।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দ্রুতগতিতে আসা একটি গাড়ি পিছন দিক থেকে সাইকেলগুলিতে ধাক্কা মারে। ধাক্কার জেরে শ্রমিকরা রাস্তায় ছিটকে পড়েন। অভিযোগ, গাড়ির চাকা তাঁদের উপর দিয়ে চলে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে লতাবাড়ি ব্লক হাসপাতালে নিয়ে যান।
সেখানে চিকিৎসকরা চারজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
তদন্তে নেমেছে পুলিশ
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছয়। ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি শুরু হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এই আকস্মিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। শ্রমিকদের পরিবারে কান্নার রোল। স্থানীয় বাসিন্দারা দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণ ও এশিয়ান হাইওয়েতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি তুলেছেন।
বিষয় : Aliporeduar Road Accedent

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন