রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা (SIR) প্রকাশ নিয়ে ঘনিয়ে এল গভীর অনিশ্চয়তা। কমিশনের বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে নথি যাচাইয়ের কাজ শেষ হওয়ার কথা থাকলেও, বাস্তবে পরিস্থিতি অত্যন্ত জটিল। এখনও প্রায় ৬০ লক্ষ ভোটারের নথির নিষ্পত্তি না হওয়ায় আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ পাওয়া নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। খোদ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বৃহস্পতিবার ইঙ্গিত দিয়েছেন যে, সময়মতো কাজ শেষ না হলে তালিকা প্রকাশের দিনক্ষণ পিছিয়ে দেওয়ার আবেদন করা হতে পারে।
নির্বাচন কমিশন সূত্রে পাওয়া তথ্য রীতিমতো উদ্বেগের। বর্তমানে জেলাশাসক স্তরে ৪ লক্ষ ৬৬ হাজার ৩২৩ জন ভোটারের নথি যাচাই বাকি। এর পাশাপাশি জেলাশাসকরা প্রায় ২৫ লক্ষ নথি যাচাই করে পাঠালেও সংশ্লিষ্ট ইআরও-রা (ERO) এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি। অন্যদিকে, মাইক্রো অবজার্ভাররা প্রায় ৩০ লক্ষ নথি পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠিয়েছেন। সব মিলিয়ে এই বিপুল পরিমাণ অর্থাৎ ৬০ লক্ষ নথির নিষ্পত্তি আগামী শনিবারের মধ্যে শেষ করা একপ্রকার অসম্ভব বলেই মনে করা হচ্ছে।
তালিকা থেকে নাম বাদ পড়ার পরিসংখ্যানও বেশ চমকপ্রদ। খবর অনুযায়ী, চূড়ান্ত তালিকা থেকে প্রায় ১৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়তে পারে। শুনানিতে অনুপস্থিত থাকা ৭ লক্ষ ভোটার এবং শুনানির নোটিস পাঠাতে না পারা সাড়ে ৩ লক্ষ ভোটারের নাম কাটা যাওয়া প্রায় নিশ্চিত। এর পাশাপাশি সাড়ে ৪ লক্ষ ভোটারের নথি ইতিমধ্যেই ‘অগ্রহণযোগ্য’ হিসেবে বিবেচিত হয়েছে। তবে সবথেকে উদ্বেগের বিষয় হলো, সরকারি আধিকারিকদের গাফিলতিতে ১ লক্ষ ১৪ হাজার ভোটারের সঠিক নথি জমা পড়া সত্ত্বেও তা সময়মতো আপলোড করা হয়নি, যার ফলে তাঁদের নামও বাদ পড়ার ঝুঁকিতে রয়েছে।
কমিশন সূত্রে আরও খবর, কাজে গাফিলতির অভিযোগে ইতিপূর্বে সাসপেন্ড হওয়া তিন মাইক্রো অবজার্ভারের বিরুদ্ধে ১২ ঘণ্টার মধ্যে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। এই ঘটনাকে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরে বাকি কর্মীদেরও কড়া হুঁশিয়ারি দিয়েছে কমিশন। স্পষ্ট জানানো হয়েছে, কাজে সামান্যতম শিথিলতা বা অবহেলা বরদাস্ত করা হবে না। এখন দেখার, নির্ধারিত ডেডলাইনের মধ্যে এই পাহাড়প্রমাণ কাজ শেষ করে কমিশন সময়মতো তালিকা প্রকাশ করতে পারে কি না।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন