ব্যারাকপুর: বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে এক হাইভোল্টেজ কর্মী সম্মেলন থেকে রাজনৈতিক পারদ চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বর্তমানে রাজ্যে চলা ভোটারতালিকার নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়ায় মতুয়া সম্প্রদায়ের নাম বাদ যাওয়া নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছে, তা নিরসনে এদিন বড়সড় আশ্বাসবাণী শোনালেন তিনি।
এই ইস্যুতে অমিত শাহ সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়া সমাজকে ভয় দেখাচ্ছেন। আমি মতুয়াদের বলতে চাই, পাশে শান্তনু ঠাকুর আছেন। কেন্দ্রীয় সরকার আপনাদের সঙ্গে আছে। ভয়ের কোনও কারণ নেই।” এসআইআর নিয়ে প্রশাসনিকস্তরে যে জটিলতা বা বিরোধ তৈরি হয়েছে, সেই প্রসঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দেন, আইন মেনেই সব কাজ হবে এবং বিজেপি সরকার মতুয়াদের অধিকার রক্ষায় অবিচল।
এদিনের সভায় উপস্থিত দলীয় কর্মীদের নির্বাচনী টার্গেট বেঁধে দেওয়ার পাশাপাশি জয়ের বিষয়ে প্রবল আত্মবিশ্বাস প্রকাশ করেন শাহ। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালকে ‘দুর্নীতির শাসন’ হিসাবে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতি, আবাস ও রেশন দুর্নীতি নিয়ে।
শাহ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসা করেন দুর্নীতি কোথায়? অথচ এই প্রতিটি ক্ষেত্রে বাংলার মানুষ লুটের শিকার হয়েছে।” তিনি বাংলার মানুষের কাছে একবার বিজেপিকে সুযোগ দেওয়ার আর্জি জানিয়ে দাবি করেন, এপ্রিলে বিজেপি সরকার ক্ষমতায় এলে দুর্নীতিমুক্ত বাংলা উপহার দেওয়া হবে।
রাজনৈতিক মহলের মতে, এসআইআর আবহে মতুয়াদের মধ্যে যে ক্ষোভ বা আশঙ্কার সৃষ্টি হয়েছিল, শাহের এই ‘আশ্বাসবাণী’ তা প্রশমিত করার একটি বড় কৌশল। নির্বাচনের আগে মতুয়া ভোটব্যাঙ্ককে সংহত রাখতেই যে এই বার্তা, তা স্পষ্ট। দলীয় সহযোদ্ধাদের স্পষ্ট করে দেওয়া হয়েছে, নিচুতলার কর্মীদের ভোটারতালিকা সংক্রান্ত সমস্যা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের আশ্বস্ত করতে হবে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন