নয়াদিল্লি: ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি - রবিবার - গোটা দেশের নজর এখন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের দিকে। টানা নবমবারের মতো সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন তিনি। মধ্যবিত্তের আয়কর ছাড় থেকে শুরু করে কৃষকদের সম্মান নিধি বৃদ্ধি — একাধিক ক্ষেত্রে বড়সড় জনমোহিনী ঘোষণার অপেক্ষায় প্রহর গুনছে দেশবাসী।
বেতনভোগী ও মধ্যবিত্ত শ্রেণির জন্য এবারের বাজেটে সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে আয়কর কাঠামো। সূত্রের খবর, এবারের বাজেটে যে চমকগুলি থাকতে পারে, তা হল -
স্ট্যান্ডার্ড ডিডাকশন: বর্তমান ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হতে পারে।
করমুক্ত আয়ের সীমা: নতুন করব্যবস্থার অধীনে করমুক্ত আয়ের সীমা ১২.৭৫ লক্ষ টাকা থেকে বেড়ে ১৩ লক্ষ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে।
৮০সি ধারা: সঞ্চয়ে উৎসাহ দিতে এই ধারায় বিনিয়োগের উর্ধ্বসীমা ১.৫ লক্ষ থেকে বাড়িয়ে ২.৫ লক্ষ টাকা করা হতে পারে। এতে পিপিএফ, বিমা ও টিউশন ফি-র ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবে সাধারণ মানুষ।
এছাড়াও, কৃষকদের জন্য ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি’ প্রকল্পে বড় ঘোষণা করা হতে পারে। ভাতার পরিমাণ বছরে ৬ হাজার টাকার বরাদ্দ বাড়িয়ে ৮ থেকে ১০ হাজার টাকা করা হতে পারে বলে জল্পনা তুঙ্গে। সেইসঙ্গে, স্বাস্থ্য ক্ষেত্রে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের সুবিধা পাওয়ার বয়সসীমা ৭০ থেকে কমিয়ে ৬০ বছর করার কথা ভাবছে কেন্দ্র। পাশাপাশি, বার্ষিক চিকিৎসার সীমা ৫ লক্ষ টাকা পর্যন্ত নিশ্চিত করা হতে পারে।
আরও শোনা যাচ্ছে, যোগাযোগব্যবস্থায় বিপ্লব আনতে রেল বাজেটে বড় বরাদ্দের সম্ভাবনা রয়েছে। সূত্রের দাবি, প্রায় ৩০০টি নতুন বন্দে ভারত ও অমৃত ভারত ট্রেন চালুর ঘোষণা করা হতে পারে। যাত্রী সুবিধার্থে ওয়েটিং লিস্টের সমস্যা মেটাতে করা হতে পারে বিশেষ পদক্ষেপ। জানা গিয়েছে, রাস্তা, বন্দর ও জ্বালানি খাতে প্রায় ১২ লক্ষ কোটি টাকা মূলধন ব্যয়ের পরিকল্পনা রয়েছে মোদী সরকারের।
অন্যদিকে, পরিবেশবান্ধব শক্তির প্রসারে ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা’য় ভর্তুকি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ২ কিলোওয়াট সৌর প্যানেলের ক্ষেত্রে কিলোওয়াট প্রতি ৩০ হাজার টাকার ভর্তুকি বেড়ে ৪০ হাজার টাকা হতে পারে। অন্যদিকে, প্রতিবেশী দেশের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার আবহে প্রতিরক্ষা খাতেও বরাদ্দ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে পারে।
আর্থিক বিশেষজ্ঞদের মতে, এই বাজেট কেবল পরিসংখ্যানের খেলা নয়, বরং দেশের অর্থনীতিকে নতুন দিশা দেওয়ার একটি বড় সুযোগ। ছোট ব্যবসায়ীদের জন্য করনীতি সহজ করা এবং বিনিয়োগে উৎসাহ দেওয়ার মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যমাত্রা নিতে পারে কেন্দ্র।
আগামিকাল ঠিক সকাল ১১টায় সংসদের নিম্নকক্ষে এই বাজেট বক্তৃতা শুরু করবেন নির্মলা সীতারমণ। এখন দেখার, প্রত্যাশার এই পাহাড়প্রমাণ চাপে শেষ হাসি কারা হাসে — মধ্যবিত্ত নাকি অন্য কোনও শ্রেণি।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন