নিজস্ব প্রতিনিধি---গত কয়েকদিন আগে পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল মুর্শিদাবাদ। সেই রেশ কাটতে না কাটতেই এবার জেলাজুড়ে চাঞ্চল্য ছড়াল এক হোটেল ব্যবসায়ী খুনের ঘটনায়। বুধবার রাতে সামশেরগঞ্জের নতুন ডাকবাংলো সংলগ্ন নূর মহম্মদ কলেজের সামনে আততায়ীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন ৩৪ বছর বয়সি যুবক রাহুল বিশ্বাস।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাহুল বিশ্বাসের বাড়ি তারবাগান এলাকায়। আগে পাতার ব্যবসা করলেও বর্তমানে নূর মহম্মদ কলেজের পাশেই একটি হোটেল চালাতেন তিনি। বুধবার রাতে হোটেলেই বসেছিলেন রাহুল। প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎই অন্ধকারের সুযোগ নিয়ে একদল দুষ্কৃতী সেখানে চড়াও হয়। রাহুলকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর কয়েক রাউন্ড গুলি চালানো হয়। মুহূর্তের মধ্যে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই যুবক।
গুলির আওয়াজ ও চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে দুষ্কৃতীরা চম্পট দেয়। গুরুতর জখম অবস্থায় রাহুলকে প্রথমে স্থানীয় নার্সিংহোম ও পরে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। রাস্তাতেই মৃত্যু হয় তাঁর। ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছায় ফরাক্কার SDPO সহ বিশাল পুলিশ বাহিনী।
কয়েকদিন আগেই এক পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুর্শিদাবাদে বড়সড় উত্তেজনা ছড়িয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই জাতীয় সড়কের ধারে জনবহুল এলাকায় এই খুনের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশাসনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
পুলিশের প্রাথমিক অনুমান, এই খুনের নেপথ্যে পুরনো কোনো ব্যবসায়িক শত্রুতা বা রেষারেষি থাকতে পারে। তবে খুনের প্রকৃত কারণ এখনও ধোঁয়াশায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন