নিজস্ব প্রতিবেদন: বুধবার সকালের এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। বারামতী বিমানবন্দরে অবতরণের সময় যান্ত্রিক ত্রুটির কারণে তাঁর চার্টার্ড বিমানটি ভেঙে পড়ে। এই ঘটনায় বিমানে থাকা দুই পাইলটসহ মোট পাঁচজনেরই মৃত্যু হয়েছে। অজিত পওয়ারের লিয়ারজেট-৪৫ (VT-SSK) বিমানটি বিস্ফোরণে পুড়ে ছাই হয়ে যায়। বিমানে তাঁর সঙ্গে ছিলেন ক্যাপ্টেন সাহিল মদন, ক্যাপ্টেন যশ, একজন নিরাপত্তারক্ষী (PSO) এবং একজন অ্যাটেনডেন্ট। ডিজিসিএ জানিয়েছে, এই দুর্ঘটনায় কেউ বেঁচে নেই। অজিত পওয়ারের এই মৃত্যু ফের একবার মনে করিয়ে দিচ্ছে ভারতের সেইসব প্রভাবশালী রাজনীতিক ও ব্যক্তিত্বদের কথা, যাঁদের জীবন কেড়ে নিয়েছে আকাশপথের বিপর্যয়।
সঞ্জয় গান্ধী (১৯৮০): ইন্দিরা গান্ধীর পুত্র এবং তৎকালীন কংগ্রেস নেতা সঞ্জয় গান্ধী ১৯৮০ সালের ২৩ জুন দিল্লির সফদরজং বিমানবন্দরের কাছে এক বিমান দুর্ঘটনায় মারা যান। দিল্লি ফ্লাইং ক্লাবের একটি বিমানে কসরত দেখানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ভেঙে পড়েছিল।
বিপিন রাওয়াত (২০২১): ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল বিপিন রাওয়াত ২০২১ সালের ৮ ডিসেম্বর কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান। তাঁর সঙ্গে তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত এবং আরও ১২ জন সেনা আধিকারিক ওই মি-১৭ ভি৫ কপ্টারে ছিলেন।
বিজয় রূপানি (২০২৫): গত বছরই গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি আহমেদাবাদে এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারান। লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে থাকাকালীন উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে।
মাধবরাও সিন্ধিয়া (২০০১): প্রাক্তন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হয়েও বিমান দুর্ঘটনায় প্রাণ হারান কংগ্রেসের বর্ষীয়ান নেতা মাধবরাও সিন্ধিয়া। কানপুরে এক রাজনৈতিক সভায় যাওয়ার পথে উত্তরপ্রদেশের মৈনপুরীতে খারাপ আবহাওয়ার কারণে তাঁর ১০ আসনের বিমানটি ভেঙে পড়ে।
ওয়াই এস রাজশেখর রেড্ডি (২০০৯): অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াই এস আর রেড্ডির হেলিকপ্টার নাল্লামালা বনাঞ্চলে নিখোঁজ হয়ে গিয়েছিল। পরে তাঁর এবং বিমানে থাকা বাকি ৪ জনের নিথর দেহ উদ্ধার হয়।
জি এম সি বালাযোগী (২০০২): লোকসভার তৎকালীন স্পিকার জি এম সি বালাযোগী অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলায় কপ্টার দুর্ঘটনায় মারা যান। শেষ মুহূর্তে ট্রেনের বদলে কপ্টারে ফেরার সিদ্ধান্তই তাঁর জন্য কাল হয়ে দাঁড়ায়।
দোর্জি খান্ডু (২০১১): অরুণাচল প্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী দোর্জি খান্ডু চিন সীমান্তের কাছে কপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান। নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর তাঁর দেহ উদ্ধার হয়েছিল।
ওমপ্রকাশ জিন্দাল (২০০৫): শিল্পপতি তথা হরিয়ানার মন্ত্রী ওমপ্রকাশ জিন্দাল উত্তরপ্রদেশের সাহারানপুরে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান। তাঁর সঙ্গে মৃত্যু হয়েছিল হরিয়ানার অন্য এক মন্ত্রী সুরেন্দর সিংয়েরও।
সৌন্দর্য্যা (২০০৪): বিজেপির হয়ে প্রচার করতে যাওয়ার সময় বিমান দুর্ঘটনায় মারা যান দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী সৌন্দর্য্যা বেঙ্গালুরু থেকে করিমনগর যাওয়ার পথে তাঁর বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।
অজিত পওয়ারের মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তদন্ত শুরু করেছে ডিডিসিএ (DGCA)। এই বিপর্যয়গুলি প্রমাণ করে যে, উন্নত প্রযুক্তি সত্ত্বেও আকাশপথের নিরাপত্তা এখনও ভারতের ভিভিআইপিদের জন্য এক বড় চ্যালেঞ্জ।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন