ভরতপুর: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এবার খোদ সরকারি আধিকারিকের দরজায় নির্বাচন কমিশনের নোটিশ। ভরতপুর ২ নম্বর ব্লকের বিডিও (BDO) অনির্বাণ সেনগুপ্তকে তাঁর বাবার নথিপত্র সংক্রান্ত বিষয়ে 'এসআইআর' (SIR) নোটিশ পাঠাল কমিশন। যা নিয়ে এলাকা তথা প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
কী এই নোটিশ? জানা গিয়েছে, বিডিও অনির্বাণ সেনগুপ্তের বাবার নথিতে নামের মাঝের অংশ বা 'মিডিল নেম' সংক্রান্ত কিছু গরমিল ধরা পড়েছে। এই বিষয়েই বিডিও-কে তাঁর বাবার সমস্ত অরিজিনাল নথি নিয়ে হেয়ারিং বা শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।
এই নোটিশ প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিডিও অনির্বাণ সেনগুপ্ত অত্যন্ত স্বচ্ছভাবে নিজের অবস্থান স্পষ্ট করেন। ২০০২ সালের ভোটার তালিকায় ভুলবশত তাঁর বাবার 'মিডিল নেম' বাদ চলে গিয়েছিল। যদিও তাঁর এবং তাঁর বাবার বর্তমান সমস্ত আইনি নথিতেই পূর্ণাঙ্গ নাম রয়েছে। কমিশন সেই পুরনো তথ্যের সঙ্গে বর্তমান তথ্যের সামঞ্জস্য যাচাই করতেই এই নোটিশ পাঠিয়েছে।
বিডিও আরও জানান, "এসআইআর (SIR) বা এই ধরনের ভেরিফিকেশন নিয়ে সাধারণ মানুষের ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দেশের ১২টি রাজ্যে এই প্রক্রিয়া চলছে। নির্বাচন কমিশন আগেই স্পষ্ট করেছে যে, কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না।"
এদিকে, এসআইআর-এর হেয়ারিং চলাকালীন এক অনন্য ঘটনার সাক্ষী থাকল ভরতপুর। শুনানিতে এসে একজন সাধারণ নাগরিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি নজরে আসতেই তৎক্ষণাৎ চেয়ার ছেড়ে এগিয়ে যান বিডিও অনির্বাণ সেনগুপ্ত। নিজে হাতে অসুস্থ ব্যক্তিকে বসানো, পানীয় জলের ব্যবস্থা করা এবং প্রাথমিক শুশ্রূষার মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি। নোটিশের চাপ মাথায় রেখেও তাঁর এই মানবিক আচরণ উপস্থিত সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন