কলকাতা: আনন্দপুরে একটি শুকনো খাবারের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে অন্তত ৩ জন কর্মীর। এখনও পর্যন্ত ১৩ জন নিখোঁজ বলে জানা যাচ্ছে। গতকাল ভোররাত থেকে জ্বলতে থাকা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ঘটনায় গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও উৎকণ্ঠা।
কী ঘটেছে?
প্রত্যক্ষদর্শীদের দাবি, মধ্যরাতের পর প্রায় রাত ৩টে নাগাদ গুদাম থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। সেই সময় গুদামে ডিউটিতে ছিলেন বেশ কয়েকজন কর্মী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। বর্তমানে ১২টি দমকল ইঞ্জিন আগুন নেভানোর কাজে যুক্ত রয়েছে। তবে গুদামের ভেতরে একাধিক জায়গায় এখনও বিচ্ছিন্নভাবে আগুন জ্বলছে, যার ফলে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
এই অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ৩ জন কর্মী। পাশাপাশি ১৩ জন কর্মী নিখোঁজ রয়েছেন বলে জানা যাচ্ছে। নিখোঁজদের পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। তাঁদের চোখেমুখে অপেক্ষা আর অনিশ্চয়তার ছাপ স্পষ্ট।
ঘটনাস্থলে বিধায়ক, প্রশ্ন দমকলমন্ত্রীকে ঘিরে
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান টালিগঞ্জের বিধায়ক অরূপ বিশ্বাস। তিনি নিখোঁজ কর্মীদের পরিবারের সঙ্গে কথা বলেন, কিছু সময় কাটান এবং প্রয়োজনীয় তথ্য নোট করে নেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, “স্বজন হারানোর যন্ত্রণায় ওনারা দগ্ধ।”
তবে এই ঘটনার পরেও দমকলমন্ত্রী সুজিত বোসকে এখনও ঘটনাস্থলে দেখা যায়নি, যা নিয়ে প্রশ্ন উঠছে।
আগুন লাগার কারণ ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন
কীভাবে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকল সূত্রে জানানো হয়েছে, আগুন সম্পূর্ণ নেভানোর পরই তদন্ত শুরু হবে। গুদামে যথাযথ অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল কি না, ফায়ার এক্সিটের ব্যবস্থা আদৌ ছিল কি না—এই সব বিষয় খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে দমকল। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই বিষয়ে কিছু বলতে নারাজ কর্তৃপক্ষ।
রাজনৈতিক চাপানউতোর
ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই অগ্নিকাণ্ডের জন্য রাজ্য সরকারকে দায়ী করে বলেন, “সরকার ছুটি কাটাচ্ছে, সরকার না থাকলে যা হয়।”
এদিকে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা ও নিখোঁজ কর্মীদের ভাগ্য জানতে মরিয়া তাঁদের পরিবার। দমকল ও প্রশাসনের দিকে তাকিয়ে এখন গোটা আনন্দপুর।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন