কোচবিহার: দীর্ঘ জল্পনা ও টালবাহানার অবসান। কোচবিহার পৌরসভার নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ সাহা। বুধবার কোচবিহার পৌরসভার বোর্ড মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান পদে ছিলেন বর্ষীয়ান নেতা রবীন্দ্রনাথ ঘোষ। কিন্তু দলের জেলা নেতৃত্বের নির্দেশে তাঁকে পদ থেকে ইস্তফা দিতে বলা হয়। প্রথমে এই সিদ্ধান্ত নিয়ে টানাপোড়েন চললেও, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোচবিহার সফরের আগেই তিনি পদত্যাগ করেন। সেই সময় অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে কাজ সামলাচ্ছিলেন উপ-পৌরমাতা আমিনা আহমেদ। অবশেষে আজ স্থায়ীভাবে নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করা হলো।
এদিন কোচবিহার পৌরসভার কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাউন্সিলর অভিজিৎ দে ভৌমিক। উপ-পৌরমাতা আমিনা আহমেদ। পৌরসভার ২০টি ওয়ার্ডের কাউন্সিলররা।
মিটিং শেষে নতুন চেয়ারম্যান হিসেবে দিলীপ সাহার নাম চূড়ান্ত করা হয়। দায়িত্ব পেয়ে দিলীপ সাহা জানান, শহরের উন্নয়নের কাজকে ত্বরান্বিত করাই হবে তাঁর প্রধান লক্ষ্য। জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক আশাপ্রকাশ করেছেন যে, নতুন নেতৃত্বের অধীনে কোচবিহার পৌরসভা আরও জনমুখী কাজ করবে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন