লখনউ: উত্তরপ্রদেশের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী যাদব পরিবারে এবার বড়সড় ভাঙনের ইঙ্গিত পাওয়া গেল! সমাজবাদী পার্টির (সপা) প্রতিষ্ঠাতা প্রয়াত মুলায়ম সিং যাদবের ছোট ছেলে প্রতীক যাদব তাঁর স্ত্রী অপর্ণা যাদবের সঙ্গে বিবাহবিচ্ছেদের ‘ঘোষণা’ করলেন। সমাজমাধ্যমে অপর্ণার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ এনে সরব হয়েছেন অখিলেশ যাদবের ভাই।
সম্প্রতি ইনস্টাগ্রামে অপর্ণার সঙ্গে একটি ছবি পোস্ট করে প্রতীক যাদব নিজের মনের কথা জানান। সেখানে তিনি অপর্ণাকে ‘স্বার্থপর’ বলে অভিহিত করেন। প্রতীকের অভিযোগ, অপর্ণা তাঁদের পারিবারিক বন্ধন নষ্ট করে দিয়েছেন। প্রতীক জানিয়েছেন, তিনি বর্তমানে চরম মানসিক অশান্তির মধ্য দিয়ে যাচ্ছেন। কিন্তু অপর্ণা তাঁর মানসিক স্বাস্থ্যের তোয়াক্কা করেন না। প্রতীকের মতে, তাঁর স্ত্রী কেবল নিজের প্রভাব-প্রতিপত্তি এবং বিখ্যাত হওয়ার পিছনেই ছোটেন। পোস্টটিতে তিনি ক্ষোভের সাথে লেখেন, “এই মহিলার সঙ্গে বিয়ে হওয়াটা আমার কাছে দুর্ভাগ্যজনক। আমি যত দ্রুত সম্ভব তাঁকে বিচ্ছেদ দিতে চাই।”
প্রতীকের এই বিস্ফোরক পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়ালেও বিষয়টিকে সহজভাবে নিচ্ছে না অপর্ণার পরিবার। অপর্ণার ভাই দাবি করেছেন, প্রতীকের সমাজমাধ্যমের অ্যাকাউন্টটি ‘হ্যাক’ করা হয়েছে। অর্থাৎ, ওই পোস্টটি প্রতীক নিজে করেননি বলেই তাঁদের প্রাথমিক অনুমান।
প্রসঙ্গত, ২০১১ সালে প্রতীক ও অপর্ণার বিয়ে হয় এবং তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে। পেশায় ব্যবসায়ী প্রতীক নিজেকে সর্বদা রাজনীতির আলোকবৃত্ত থেকে দূরে রেখেছেন। অন্যদিকে, অপর্ণা যাদব রাজনীতির ময়দানে অত্যন্ত সক্রিয়। ২০১৭ সালে সমাজবাদী পার্টির টিকিটে বিধানসভা ভোটে লড়ে হারলেও, ২০২২ সালে তিনি অখিলেশ যাদবের হাত ছেড়ে বিজেপিতে যোগ দেন। বর্তমানে তিনি উত্তরপ্রদেশ রাজ্য মহিলা কমিশনের ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন।
যাদব পরিবারের এই ব্যক্তিগত কোন্দল নিয়ে সমাজবাদী পার্টি বা বিজেপি — কোনও পক্ষই এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া দেয়নি। তবে রাজনৈতিক মহলের নজর এখন প্রতীকের পরবর্তী পদক্ষেপের দিকে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন