সন্দেশখালির 'বেতাজ বাদশা' শেখ শাহজাহানের অন্যতম প্রধান সহযোগী আবদুল আলিম মোল্লাকে নিজেদের হেফাজতে নিতে তোড়জোড় শুরু করে দিল সিবিআই। বুধবার বসিরহাট মহকুমা আদালতে এই মর্মে আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আইনজীবীরা। উল্লেখ্য, বর্তমানে আবদুল আলিম বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।
২০২৪ সালের ৫ জানুয়ারি সন্দেশখালির সরবেড়িয়া আকুঞ্জিপাড়ায় রেশন দুর্নীতি মামলার তদন্তে গিয়ে ইডি আধিকারিকরা আক্রান্ত হন। অভিযোগ, আবদুল আলিম মোল্লা সেই আক্রমণের ঘটনার অন্যতম ষড়যন্ত্রকারী ছিলেন। সিবিআই ঘটনার তদন্তভার নেওয়ার পর একাধিকবার তাঁকে নোটিশ পাঠিয়ে তলব করলেও তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন।
ইডির উপর হামলার পাশাপাশি আবদুল আলিমের বিরুদ্ধে আরও একটি গুরুতর অভিযোগ রয়েছে। গত বছর বোয়ারমারিতে ভোলানাথ ঘোষকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টার ঘটনায় তাঁকেই মাস্টারমাইন্ড হিসাবে চিহ্নিত করেছে পুলিশ ও সিবিআই। শাহজাহান জেলবন্দি হওয়ার পর সরবেড়িয়া এলাকায় তাঁর সমস্ত কাজকর্ম এই আবদুল আলিমই দেখাশোনা করতেন বলেও দাবি গোয়েন্দাদের।
এই প্রেক্ষাপটে বুধবার বসিরহাট আদালতে সিবিআই-এর আইনজীবী সওয়াল করেন, সন্দেশখালির ঘটনার বৃহত্তর ষড়যন্ত্রের হদিস পেতে এবং অভিযুক্তের থেকে আরও তথ্য সংগ্রহ করতে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
রাজনৈতিক মহলের একাংশের মতে, শেখ 'শাহজাহানের ডানহাত' হিসাবে পরিচিত আলিমকে জেরা করা সম্ভব হলে সন্দেশখালি এলাকায় চলা দীর্ঘদিনের বেআইনি কাজকর্মের আরও অনেক গোপন তথ্য সামনে আসতে পারে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন