নয়াদিল্লি: বিশ্বজুড়ে হঠাৎই আংশিক বিপর্যস্ত হয়ে পড়ল জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। ভারতীয় সময় অনুযায়ী, রবিবার দুপুর ১টা নাগাদ আচমকাই এই বিভ্রাট শুরু হয়, যার জেরে চরম ভোগান্তির মুখে পড়েছেন বিশ্বজুড়ে লক্ষ লক্ষ সক্রিয় গ্রাহক। মূলত কম্পিউটার বা ডেস্কটপ থেকে যাঁরা ফেসবুক ব্যবহার করার চেষ্টা করছেন, তাঁরাই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। হঠাৎ করে অ্যাকাউন্ট বিকল হয়ে যাওয়ায় ব্যবহারকারীরা একে অপরের সঙ্গে তথ্য আদানপ্রদান বা নতুন কোনও পোস্ট করতে পারছেন না।
তবে স্বস্তির বিষয় এই যে, মোবাইলের মাধ্যমে ফেসবুক ব্যবহার করতে সাধারণ মানুষের কোনও সমস্যা হচ্ছে না। যাঁদের স্মার্টফোনে ফেসবুকের নিজস্ব অ্যাপটি ডাউনলোড করা রয়েছে, তাঁরা অনায়াসেই নিজেদের অ্যাকাউন্ট সচল রাখতে পারছেন। কিন্তু ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য ঠিক কখন এই সমস্যার সমাধান হবে, তা নিয়ে এখনও মেটার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি বা সময়সীমা প্রকাশ করা হয়নি।
রবিবার ছুটির দিনে দুপুরবেলা হুট করেই কম্পিউটারে ফেসবুক খুললে গ্রাহকদের স্ক্রিনে একটি বিশেষ নোটিশ ভেসে উঠছে। সেখানে স্পষ্ট লেখা দেখাচ্ছে, ‘অ্যাকাউন্ট সাময়িকভাবে উপলব্ধ নয়’। আচমকা এই ধরনের বার্তা দেখে হ্যাকিং বা অন্য কোনও বড় প্রযুক্তিগত ত্রুটির আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। কী কারণে এই বিশাল বিভ্রাট দেখা দিল, তা নিয়ে সংস্থার তরফ থেকে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। এদিকে ফেসবুক ডেস্কটপে কাজ না করায় এক লক্ষেরও বেশি ইউজার ইতিমধ্যেই বিকল্প প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)-এ গিয়ে ক্ষোভ উগরে দিয়ে অভিযোগ জানাতে শুরু করেছেন। এই বিভ্রাট শুধু ভারতেই সীমাবদ্ধ নয়, বরং আমেরিকা ও ইউরোপসহ গোটা বিশ্বের প্রায় সমস্ত প্রান্ত থেকেই ডেস্কটপ লগ-ইন বিভ্রাটের একই চিত্র সামনে আসছে।

সোমবার, ২০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন