প্রায় দু'দিন ধরে উদ্বেগে কাটানোর পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে দময়ন্তী সেনের পরিবার। নিখোঁজ থাকার প্রায় ৪৮ ঘণ্টা পর বাড়ি ফিরেছেন জাতীয় স্তরের তরুণ রাইফেল শুটার। তবে তিনি কোথায় ছিলেন, কীভাবে সময় কাটিয়েছেন এবং কেন হঠাৎ কাউকে কিছু না জানিয়েই বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন এই প্রশ্নগুলির উত্তর খুঁজতেই তদন্তে নেমেছে হাওড়া সিটি পুলিশ।
পুলিশ সূত্রে খবর, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দময়ন্তী জানিয়েছেন, গত কয়েকদিন ধরে পড়াশোনা এবং শুটিংয়ের অনুশীলনের চাপ তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল। সেই কারণেই হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। এই সময় একাধিক জায়গায় ঘুরেছেন বলেও জানিয়েছেন। তবে তাঁর বক্তব্যের সঙ্গে অন্যান্য তথ্য মিলিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার শুরু বৃহস্পতিবার সকালে। প্রতিদিনের মতো বাড়ির কাছের দোকানে দুধ আনতে বেরিয়েছিলেন দময়ন্তী। কিন্তু এরপর আর তিনি বাড়ি ফেরেননি। পরিবারের তরফে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর হাওড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। শুরু হয় জোরদার তল্লাশি।
তদন্ত চলাকালীন বিভিন্ন জায়গা থেকে দময়ন্তীকে দেখার দাবি সামনে আসে। কখনও হাওড়া স্টেশন, কখনও শ্রীরামপুর, আবার মাহেশের রথের মেলাতেও তাঁকে দেখা গিয়েছে বলে খবর ছড়ায়। সেই সূত্র ধরেই তদন্ত এগোতে থাকে। দময়ন্তীর সন্ধানে চারটি পৃথক দল গঠন করে হাওড়া সিটি পুলিশ। রাজ্যের একাধিক জায়গায় খোঁজ চালানো হয়। পরিবারের কাছ থেকেও সম্ভাব্য পরিচিতদের তথ্য সংগ্রহ করা হয়। এর মধ্যেই দময়ন্তীর বাবা ধ্রুবজ্যোতি সেন অভিযোগ করেন, রেল স্টেশনগুলির সিসিটিভি ফুটেজ সময়মতো না পাওয়ায় তদন্তে সমস্যা তৈরি হয়েছে। যদিও সেই অভিযোগ উড়িয়ে দেয় রেল পুলিশ। অবশেষে শনিবার ভোরে দময়ন্তীর খোঁজ মেলে। এরপর তাঁকে নিয়ে শুরু হয় জিজ্ঞাসাবাদ। পুলিশ এখন খতিয়ে দেখছে, তিনি ঠিক কোথায় কোথায় গিয়েছিলেন, কারও সঙ্গে যোগাযোগ হয়েছিল কি না এবং শুধুই মানসিক চাপ, নাকি এর পিছনে অন্য কোনও কারণও রয়েছে।
বিষয় : Damayanti Sen Howrah

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন