হাওড়া: বাংলার ক্রীড়ামহলে এক চরম উদ্বেগের ছায়া। জাতীয় দলের ট্রায়ালে সুযোগ পাওয়া হাওড়ার এক অত্যন্ত প্রতিভাবান ও উঠতি রাইফেল শুটার রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছেন। ১৫ বছর বয়সী ওই কিশোরী শুটারের নাম দময়ন্তী সেন। মধ্য হাওড়ার উমাচরণ ভট্টাচার্য লেনের বাসিন্দা দময়ন্তী গত বৃহস্পতিবার সকাল থেকে আচমকাই গায়েব। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, নিখোঁজ হওয়ার সময় নিজের মোবাইল ফোনটিও বাড়িতেই ফেলে রেখে গিয়েছেন তিনি। দীর্ঘক্ষণ পার হয়ে যাওয়ার পরও ঘরের মেয়ে ঘরে না ফেরায় সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজখবর চালান পরিবারের সদস্যরা। কিন্তু কোথাও তাঁর কোনও হদিশ না মেলায় অবশেষে পুলিশের দ্বারস্থ হতে বাধ্য হয় পরিবার।
পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও অত্যন্ত স্বাভাবিক মেজাজেই ছিল দময়ন্তী। সকালে বাড়ির কাছের একটি দোকানে কেনাকাটা করতে যাওয়ার নাম করে সে বাড়ি থেকে বের হয়। কিন্তু তারপর থেকে আর তাঁর কোনও সন্ধান মেলেনি। তবে তদন্তে নেমে পুলিশ যখন তল্লাশি শুরু করে, তখন হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মের সিসিটিভি ফুটেজে দময়ন্তীকে শেষবারের মতো দেখতে পাওয়া যায়। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় ট্রায়ালের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা একজন প্রতিভাবান খেলোয়াড় কেন হঠাৎ মোবাইল বাড়িতে রেখে হাওড়া স্টেশনে পৌঁছালেন, তা নিয়ে ধন্দে পড়েছেন তদন্তকারীরা। তবে কি এর নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
দময়ন্তীর বাবা ধ্রুবজ্যোতি সেন জানিয়েছেন, তাঁর মেয়ে রাইফেল শুটিংয়ে একের পর এক সাফল্য পাচ্ছিল এবং সম্প্রতি জাতীয় দলের ট্রায়ালের জন্য নির্বাচিত হয়েছিল। প্রতিদিন সকালে নিয়ম মেনে অনুশীলন চলত তাঁর। সেই মতো বুধবার রাতেও তাড়াতড়ি ঘুমিয়ে পড়েছিল দময়ন্তী। বাড়ির পরিবেশ সম্পূর্ণ স্বাভাবিক ছিল এবং কোনও রকম অশান্তিও হয়নি। ফলে এই নিখোঁজ হওয়ার ঘটনার পিছনে কোনও মানসিক অবসাদ রয়েছে নাকি অন্য কোনও বড় চক্র কাজ করছে, তা নিয়ে উদ্বিগ্ন সতীর্থ ও পরিবার। ইতিমধ্যে হাওড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে এবং সমাজমাধ্যমেও দময়ন্তীর ছবি দিয়ে সন্ধানের আর্জি জানানো হয়েছে। পুলিশ এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তের জাল ছড়াচ্ছে।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন