একুশে জুলাই নিয়ে নতুন জল্পনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনৈতিক কর্মসূচি এবার আরও বিভক্ত হওয়ার ইঙ্গিত মিলছে। কংগ্রেস, ঋতব্রত শিবিরের পর এবার তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদদের দল এনসিপিআই-ও শহিদ দিবস পালন করতে পারে বলে জল্পনা শুরু হয়েছে।
এই সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তাঁর বক্তব্য, শহিদ দিবস কোনও একটি রাজনৈতিক দলের একার সম্পত্তি নয়। তিনি বলেন, “আমার শহিদ, তোমার শহিদ এভাবে ভাগ করা যায় না। শহিদ দিবস আমরাও পালন করব” । একসময় ২১ জুলাই মানেই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা শহিদ সমাবেশ। কিন্তু রাজনৈতিক পালাবদলের পর এবার সেই কর্মসূচিকে ঘিরে তৈরি হয়েছে একাধিক সমীকরণ। সূত্রের খবর, শহিদ দিবস উপলক্ষে শহিদ মিনার চত্বরে কংগ্রেস আলাদা কর্মসূচির ডাক দিয়েছে। অন্যদিকে ঋতব্রত শিবিরও গান্ধী মূর্তির সামনে সমাবেশের আয়োজন করছে। মূল তৃণমূলও আদালতের দ্বারস্থ হওয়ার পর অবশেষে বিকল্প জায়গায় সভার অনুমতি পেয়েছে।
ফলে এবারের ২১ জুলাই ধর্মতলা সংলগ্ন এলাকায় একাধিক রাজনৈতিক কর্মসূচি দেখা যেতে পারে। এর মধ্যেই এনসিপিআইয়ের সম্ভাব্য কর্মসূচি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্য, শহিদের পরিচয় কোনও দল বা মঞ্চের সঙ্গে বেঁধে দেওয়া যায় না। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সমাজ ও দেশের জন্য প্রাণ দেওয়া প্রত্যেককেই সম্মান জানানো উচিত। তবে প্রশ্ন উঠছে, এনসিপিআই যদি সত্যিই শহিদ দিবস পালন করে, তাহলে তাদের মঞ্চ কোথায় হবে? বিক্ষুব্ধ সাংসদরা কি আলাদা করে কোনও সমাবেশ করবেন, নাকি অন্য কোনও কর্মসূচির মাধ্যমে নিজেদের অবস্থান জানান দেবেন সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।
বিষয় : NCPI Shahid Diwas

বুধবার, ১৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন