নয়াদিল্লি: যন্তরমন্তরের অনশন মঞ্চে যখন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে লড়াই চালাচ্ছেন প্রখ্যাত সমাজকর্মী সোনম ওয়াংচুক, ঠিক তখনই অবশেষে ঘুম ভাঙল ককরোচ জনতা পার্টির। দীর্ঘ ১৮ দিন ধরে সোনম ওয়াংচুকের একক লড়াইয়ের পর, এবার তাঁর পাশে দাঁড়িয়ে একদিনের প্রতীকী গণঅনশন কর্মসূচির ঘোষণা করলেন ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকে। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১৬ জুলাই গোটা দেশের ছাত্রসমাজ ও পড়ুয়াদের এই অনশন কর্মসূচিতে শামিল হওয়ার জন্য প্রকাশ্য আহ্বান জানিয়েছেন তিনি। তবে রাজনৈতিক মহলের মতে, ১৮ দিন ধরে সমাজকর্মী যখন অনাহারে ধুঁকছেন, তখন এতদিন পর এই কর্মসূচি ঘোষণা আসলে ককরোচ পার্টির একপ্রকার বাধ্য হয়েই পিঠ বাঁচানোর চেষ্টা।
লক্ষণীয় বিষয় হলো, গত ১৮ দিন ধরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা-সহ একাধিক দাবিতে ককরোচ জনতা পার্টির পাশে দাঁড়িয়েই দিল্লির যন্তরমন্তরের মঞ্চে আমরণ অনশন চালাচ্ছেন সোনম ওয়াংচুক। অথচ এই দীর্ঘ সময়ে অভিজিৎ দীপকে-সহ ককরোচ পার্টির অন্যান্য প্রথম সারির নেতা বা মুখপাত্রদের কাউকেই অনশন করতে দেখা যায়নি। উল্টে সোনমের অনশন মঞ্চের ঠিক পাশেই ককরোচ পার্টির নেতাদের দেদার নুডলস ও পকোড়া খেতে দেখা গিয়েছে, যা নিয়ে সমাজমাধ্যমে তীব্র সমালোচনা ও বিতর্কের ঝড় ওঠে। সমাজকর্মী যখন অনশনের জেরে মৃত্যুর মুখে দাঁড়িয়ে, তখন সহযোগীদের এমন উদাসীনতায় একপ্রকার কোণঠাসা হয়েই এবার ময়দানে নামতে বাধ্য হলো ককরোচ জনতা পার্টি। সোশ্যাল মিডিয়ায় অভিজিৎ দীপকে জানিয়েছেন যে, কেন্দ্রের ওপর চাপ বাড়াতে এবং সোনমের লড়াইকে জোরদার করতে দেশের ছাত্রসমাজকে সাথে নিয়ে এই গণঅনশন করা হবে।
১৮ দিন পার হয়ে গেলেও এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফে সোনম ওয়াংচুকের সাথে কোনও রকম যোগাযোগ করা হয়নি। বিরোধী শিবিরের শীর্ষ নেতা যেমন রাহুল গান্ধী বা মল্লিকার্জুন খাড়গেদেরও এখনও অনশন মঞ্চের আশেপাশে দেখা যায়নি। তবে আজ কিছুটা হলেও বিরোধী শিবির থেকে সদর্থক সাড়া পেয়েছেন এই সমাজকর্মী। কংগ্রেস সাংসদ শশী থারুর আজ তাঁর পাশে দাঁড়িয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং অনশন প্রত্যাহারের আন্তরিক আর্জি জানিয়েছেন। অন্যদিকে, সোনমের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাঁর অনশন ভাঙাতে ইতিমধ্যেই দিল্লি হাই কোর্টে একটি বেনজির মামলা দায়ের করেছেন সমাজকর্মী তথা আইনজীবী রাকেশকুমার সাইনি। আদালতে তাঁর দাবি, অবিলম্বে প্রশাসন এই বিষয়ে হস্তক্ষেপ করুক এবং সোনমকে জরুরি চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি হাসপাতালে নিয়ে জোর করে খাইয়ে তাঁর এই অনশন ভঙ্গ করানো হোক। এবার আদালতের এই কড়া অবস্থান এবং ককরোচ পার্টির আন্দোলনের জেরে জল কোন দিকে গড়ায়, সেটাই দেখার।
হিডেন স্টোরিজ নিউজ

বুধবার, ১৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন