সল্টলেক : দীর্ঘ টালবাহানা এবং আইনি টানাপোড়েনের পর অবশেষে ডিজে (DJ) মামলায় নিজের কণ্ঠস্বরের নমুনা দিতে বাধ্য হলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার নির্ধারিত সময়ের কিছুটা আগেই কড়া নিরাপত্তার মধ্যে সল্টলেকের বিধাননগর আদালতে পৌঁছন তিনি। বিতর্কিত মন্তব্যটি নিজের বলে আগেই স্বীকার করে নিলেও কণ্ঠস্বরের নমুনা দিতে বারবার অনীহা প্রকাশ করছিলেন তৃণমূলের এই শীর্ষ নেতা। তবে কলকাতা হাইকোর্টের কড়া অবস্থান এবং রক্ষাকবচ প্রত্যাহারের হুঁশিয়ারির পর শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হলেন তিনি। আজ সকাল ১১টা নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বের হয়ে ঠিক দুপুর ১২টার আগেই আদালতে হাজিরা দেন অভিষেক।
বেশ কিছুদিন ধরেই এই ডিজে মামলার জেরে বেশ চাপে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে সিআইডি (CID) তলবে হাজিরা দিলেও যখনই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রসঙ্গ ওঠে, তখনই আইনি রক্ষাকবচ খুঁজতে আদালতের দ্বারস্থ হন তিনি। হাইকোর্টে তাঁর আইনজীবীরা প্রশ্ন তুলেছিলেন, যেখানে অভিষেক বাবু নিজেই বিতর্কিত বক্তব্যটি তাঁর বলে স্বীকার করে নিয়েছেন, সেখানে নতুন করে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কী প্রয়োজন? কিন্তু এই যুক্তিতে কান না দিয়ে উল্টে অভিষেককে তীব্র ভর্ৎসনা করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালতের সময় নষ্ট করার অভিযোগে সরব হয়ে বিচারপতি স্পষ্ট ভাষায় জানান, সব কিছুর একটা সীমা থাকা উচিত এবং তদন্তে সহযোগিতা না করলে তাঁর ওপর থাকা আইনি রক্ষাকবচ তুলে নেওয়া হবে। জরিমানা করার পাশাপাশি মামলা খারিজের হুঁশিয়ারি দিয়ে বিচারপতির বেঞ্চ সাফ জানায়, হয় কণ্ঠস্বরের নমুনা দিতে হবে, নয়তো রক্ষাকবচ প্রত্যাহার করা হবে।
হাইকোর্টের এই চরম হুঁশিয়ারির পরই সুর নরম করেন অভিষেকের আইনজীবীরা। আদালতের নির্দেশ মেনে ১৫ জুলাই বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দিতে রাজি হন তিনি। তবে যাওয়ার আগে অভিষেকের তরফে আদালতে দুটি অদ্ভুত আবেদন রাখা হয়েছিল। প্রথমত, তাঁর এই রেকর্ড করা কণ্ঠস্বর যেন অন্য কোনও মামলায় ব্যবহার করা না হয় এবং দ্বিতীয়ত, আদালতে যাওয়ার সময় তাঁর ওপর যেন ‘ডিম’ ছোড়া না হয়। আজ সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিধাননগর আদালতে হাজির হন তিনি। অভিষেকের এই হাজিরাকে কেন্দ্র করে বিধাননগর আদালত চত্বরকে কার্যত দুর্গের মতো কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। রাজ্য পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনীও।
হিডেন স্টোরিজ নিউজ

বুধবার, ১৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন