দুই শিবিরের ‘আসল-নকল’ লড়াইয়ের মাঝেই তৃণমূলের তহবিল-কাণ্ডে নতুন মোড়। এবার দলের অ্যাকাউন্টের দখল পেতে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হতে পারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির। সূত্রের খবর, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দল পরিচালনার অধিকার এবং সেই সূত্রে দলের তহবিল ব্যবহারের অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন (SLP) দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।
গতকালই কালীঘাট তৃণমূলের অ্যাকাউন্টে থাকা প্রায় ৪৪০ কোটি টাকা ফ্রিজ করে দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্তকারী সংস্থার দাবি, ওই অ্যাকাউন্ট থেকে প্রায় ১৬০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের হদিশ মিলেছে। এই অভিযোগ সামনে আসতেই সরব হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলে বড় ধাক্কা! বিজেপিতে যোগ তিন প্রাক্তন রাজ্যসভার সাংসদের
তাঁর দাবি, দলের তহবিল ব্যবহারে একাধিক অনিয়ম হয়েছে এবং গোটা বিষয়টির নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। ঋতব্রত বলেন, “বিমান-হেলিকপ্টার কেনা ও ভাড়ার নামে কী হয়েছে, তা তদন্ত হওয়া উচিত। নজিরবিহীন আর্থিক অনিয়মের অভিযোগ উঠছে। কেরল সূত্র, ইউরোপ সূত্র অনেক কিছু সামনে আসতে পারে।” তিনি আরও জানান, আগামী সপ্তাহে দিল্লি গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে অভিযোগ জানাবেন।
ইডি সূত্রে দাবি, তৃণমূলের তহবিলের একটি অংশ ঘুরপথে ট্যাক্স হেভেন হিসেবে পরিচিত কেম্যান দ্বীপপুঞ্জে পাঠানো হয়েছিল। অভিযোগ আরও, ২০২৩ সালে ওখানকার একটি শেল কোম্পানি থেকে ১৭ লক্ষ মার্কিন ডলারের অসুরক্ষিত ঋণ দেখিয়ে অর্থের উৎস গোপন করার চেষ্টা হয়েছিল। এই সমস্ত অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছে ঋতব্রত শিবির। এদিকে, রাজনৈতিক মহলে জোর জল্পনা, আইনি লড়াইয়ের পাশাপাশি সংগঠনকেও নতুন করে সাজানোর প্রস্তুতি নিচ্ছে ‘আসল’ তৃণমূল। সূত্রের খবর, শুক্রবার তপসিয়ার দফতরে জাতীয় কর্মসমিতির বৈঠক হতে পারে। সেখানে দলের রাজ্য সভাপতি-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে নতুন দায়িত্ব বণ্টন করা হতে পারে। শনিবারের ‘প্লেনারি সেশন’-এ একাধিক হেভিওয়েট নেতার উপস্থিতির সম্ভাবনাও রয়েছে।

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন