রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের উপর নজরদারি চালাতে স্বাস্থ্যভবনে তৈরি হল অত্যাধুনিক কন্ট্রোল রুম। বৃহস্পতিবার নতুন এই কন্ট্রোল রুম পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরে তিনি জানান, সরকারি হাসপাতালগুলিকে দালালচক্রের হাত থেকে মুক্ত করতেই এই কেন্দ্রীয় নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে।
তৃণমূল আমলে বারবার সরকারি হাসপাতালে দালালচক্র সক্রিয় থাকার অভিযোগ উঠেছিল। সেই সমস্যা দূর করার আশ্বাস দিয়েই ক্ষমতায় এসেছিল নতুন সরকার। এবার সেই লক্ষ্যেই স্বাস্থ্যভবন থেকে সরাসরি সরকারি হাসপাতালগুলির উপর নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, “হাসপাতালে ভালো পরিবেশ বজায় রাখতে নজরদারি প্রয়োজন। হাসপাতালগুলিতে যাঁরা কাজ করেন, তাঁরা যথেষ্ট অভিজ্ঞ। তাঁদের শুধু কাজের সঠিক পরিবেশ করে দিতে হবে। স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তাও সরকার নিশ্চিত করবে।” কীভাবে এই কন্ট্রোল রুম দালালচক্র রুখতে সাহায্য করবে, তার ব্যাখ্যাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “কোনও এক ব্যক্তিকে যদি পরপর দু’দিন হাসপাতালে ঘোরাঘুরি করতে দেখা যায়, তা হলেই সন্দেহ হবে। কোনও রোগী নিশ্চয়ই টানা দু’দিন আল্ট্রাসোনোগ্রাফি করতে আসবেন না।”
সম্প্রতি রাজ্যের একাধিক হাসপাতাল পরিদর্শন করেছেন বলেও জানান তিনি। হাসপাতালগুলির পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর্মীদের কাজের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, প্রশাসনিক আধিকারিকদের সঠিকভাবে গাইড করলেই স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত হবে। এদিন স্বাস্থ্য পরিকাঠামো নিয়েও একাধিক বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, নিউ টাউনে আদানি গোষ্ঠীর উদ্যোগে তৈরি হতে চলা ২০০০ শয্যার হাসপাতালের উদ্বোধন খুব শীঘ্রই হবে। এর মধ্যে এক হাজার বেড গরিব মানুষের জন্য সংরক্ষিত থাকবে বলেও জানান তিনি। রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে শয্যা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে সরকারের। মুখ্যমন্ত্রী জানান, পুজোর মধ্যেই এসএসকেএম হাসপাতালে আরও ২০০-২৫০টি বেড বাড়ানো হবে। একইসঙ্গে সেখানে আইসিইউ বেডের সংখ্যা ১১২ থেকে বাড়িয়ে অন্তত ২০০ করা হবে।
ট্রমা কেয়ার পরিষেবা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, তারাতলার বিপর্যয় দেখিয়ে দিয়েছে যে রাজ্যে ট্রমা কেয়ারের পরিকাঠামো আরও শক্তিশালী করা প্রয়োজন। তিনি জানিয়েছেন, এমন ব্যবস্থা তৈরি করতে হবে যাতে একসঙ্গে অন্তত ২৫০ জনকে জরুরি পরিষেবা দেওয়া সম্ভব হয়। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্যসচিবকে উপযুক্ত জায়গা চিহ্নিত করার নির্দেশও দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন