অযোধ্যার রামমন্দিরের অনুদান তহবিল থেকে অর্থ ও মূল্যবান সামগ্রী চুরির অভিযোগে সিবিআই তদন্তের দাবিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলার জরুরি শুনানির আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি শীল নাগুর বেঞ্চ জানিয়ে দেয়, মামলাটি স্বাভাবিক আইনি প্রক্রিয়াতেই তালিকাভুক্ত হবে। আলাদা করে জরুরি শুনানির প্রয়োজন নেই।
আবেদনকারীর পক্ষ থেকে আদালতে দাবি করা হয়, রামমন্দিরের অনুদান তহবিলের হিসাব এবং মূল্যবান সামগ্রী সংরক্ষণে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI-কে দায়িত্ব দেওয়া উচিত। তবে আদালত সেই যুক্তিতে তৎক্ষণাৎ সাড়া দেয়নি।
শুনানির সময় বেঞ্চ মৌখিকভাবে জানায়, বিষয়টি এমন নয় যে জরুরি ভিত্তিতে শুনানি না হলে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। আদালতের পর্যবেক্ষণ, গ্রীষ্মকালীন ছুটির পর নিয়ম মেনেই মামলার শুনানি হতে পারে। উল্লেখ্য, রামমন্দিরের অনুদান তহবিল নিয়ে বিতর্ক শুরু হয় বিপুল অঙ্কের অর্থ ও মূল্যবান সামগ্রীর হিসাব নিয়ে প্রশ্ন ওঠার পর। এই ঘটনায় উত্তরপ্রদেশ পুলিশ ইতিমধ্যেই একটি এফআইআর দায়ের করেছে। চুরি, প্রতারণা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং ষড়যন্ত্রের অভিযোগে মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অযোধ্যা রাম মন্দির ট্রাস্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে কলকাতায় বিক্ষোভ, তদন্তের দাবি
তদন্তকারী সূত্রের দাবি, মন্দিরে জমা পড়া নগদ অনুদান এবং সোনা-রুপোর গয়নার একটি বড় অংশের হিসাব মিলছে না। তদন্তে উঠে এসেছে, নগদ অর্থ গণনার সময় সিসিটিভি আড়াল করে টাকা সরানোর অভিযোগ রয়েছে। এমনকি কিছু অর্থ শৌচাগারে লুকিয়ে পরে বাইরে পাচার করা হতো বলেও অভিযোগ। পুলিশি তদন্তে ধৃতদের কাছ থেকে প্রায় ৮০ লক্ষ টাকার হিসাববহির্ভূত নগদ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি তদন্তকারীরা আরও কয়েকজন সন্দেহভাজনের খোঁজ করছেন। তাঁদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত এখনও চলছে।

সোমবার, ২৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন