হলদিয়া: জাতীয় সুরক্ষার স্বার্থে এবার এক অভূতপূর্ব পদক্ষেপ করল কেন্দ্র সরকার। দেশের গুরুত্বপূর্ণ বন্দরগুলির তালিকায় এবার যুক্ত হতে চলেছে নতুন এক পালক। এতদিন পর্যন্ত দেশের উপকূলরেখা বরাবর মোট ৪০টি বন্দরে অভিবাসন পরীক্ষাকেন্দ্র বা ইমিগ্রেশন চেকপোস্টের সুবিধা ছিল। এবার ৪১তম কেন্দ্র হিসাবে সেই তালিকায় নাম লেখাতে চলেছে পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দর। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে এখন থেকে হলদিয়া বন্দরেও সরাসরি বিদেশি নাগরিকদের পাসপোর্ট এবং ভিসা যাচাই করতে পারবেন অভিবাসন দফতরের দুঁদে আধিকারিকেরা। এর ফলে সমুদ্রপথে নজরদারি আরও কয়েক গুণ মজবুত হবে বলে মনে করা হচ্ছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সম্প্রতি একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করে এই অভিবাসন পরীক্ষাকেন্দ্র গড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, দেশের নতুন অভিবাসন এবং বিদেশি আইন, ২০২৫ অনুযায়ী হলদিয়া বন্দরকে এই পরিকাঠামোর আওতায় আনা হচ্ছে। মূলত বাণিজ্যিক কারণে হলদিয়া বন্দরে বছরভর প্রচুর পণ্যবাহী জাহাজ ঢোকে এবং আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে বাইরে বেরোয়।
ক্যানিংয়ে শওকতপুত্রের ক্যাফে ঘিরে তীব্র চাঞ্চল্য, বুলডোজার হুঁশিয়ারি প্রশাসনের
এই সমস্ত জাহাজে বিভিন্ন দেশের বহু বিদেশি নাগরিক ও নাবিক যাতায়াত করেন। কোনোভাবেই যাতে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত না হয় এবং অনুপ্রবেশের কোনো ফাঁক না থাকে, সেই জাতীয় সুরক্ষার স্বার্থেই এবার বিদেশি নাগরিকদের পরিচয়পত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা জরুরি বলে মনে করছে স্বরাষ্ট্র মন্ত্রক। এই নতুন চেকপোস্ট চালু হলে হলদিয়া বন্দরের বাণিজ্যিক গুরুত্ব যেমন বাড়বে, তেমনই জলপথের সুরক্ষাও হবে নিশ্ছিদ্র।

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন