কলকাতা: বাংলার রাজনীতিতে এবার নজিরবিহীন মোড়! প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে পুলিশি নিরাপত্তা প্রত্যাহার এবং পিএসও প্রত্যর্পণ বিতর্ক নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। আর এই আবহেই এক চরম বিস্ফোরক ও নজিরবিহীন দাবি করে বসলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন কেন? থানায় পৌঁছতেই ফের চর্চায় মেসি বিতর্ক
বুধবার রাতেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর পার্সোনাল সিকিউরিটি অফিসার বা পিএসও-দের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, যার জেরে মমতার বাড়ির সামনের পুলিশ কিয়স্ক এখন সম্পূর্ণ ফাঁকা। এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে যখন জোর চর্চা, ঠিক তখনই আসরে নেমে অগ্নিমিত্রা পাল দাবি করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাইরের কারও কাছে নয়, বরং নিজের পরিবারের লোকেদের কাছেই সবচেয়ে বেশি অসুরক্ষিত এবং নিরাপদ নন!
প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা চলে যাওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানান, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের নিরাপত্তা নেবেন নাকি কেন্দ্রীয় সরকারের, সেটা সম্পূর্ণ তাঁর নিজস্ব বিষয়। কিন্তু এর পরেই সুর চড়িয়ে তিনি বলেন, বাইরের লোকেদের থেকে তো নিজের পরিবারের লোকেদের কাছেই ওঁর সবথেকে বেশি ভয়। কারণ এর আগেও এমন অনেক চাঞ্চল্যকর ঘটনার কথা শোনা গিয়েছে, যা থেকে স্পষ্ট যে তিনি নিজের পরিবারের কাছেই নিরাপদ নন, সেখানে তাঁকে এখন কে বাঁচাবে! এখানেই শেষ নয়, গত দেড় দশকের প্রসঙ্গ টেনে অগ্নিমিত্রা আরও অভিযোগ করেন যে, বিগত ১৫ বছর ধরে নিজেকে সুরক্ষিত রাখতে বিশাল কনভয় আর বাড়ির সামনে পুলিশের ব্যারিকেড দিয়ে সাধারণ মানুষের ওপর কম অত্যাচার করা হয়নি। তিনি দাবি করেন, গত ১৫ বছর ধরে নিজেকে সম্পূর্ণ নিরাপদে রেখে বাংলার সাধারণ মানুষকে কার্যত খাদের কিনারায় ঠেলে দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, শুধু ধাক্কা দেওয়াটাই বাকি ছিল, আর আজ তিনি দেখাচ্ছেন যে তিনি নাকি সুরক্ষা চান না!
প্রসঙ্গত, বিগত প্রায় ২০ বছর ধরে যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী বা পিএসও হিসেবে নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছিলেন, বুধবার আচমকাই তাঁদের সেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে তড়িঘড়ি নতুন ৪-৫ জন অফিসারকে পিএসও-র দায়িত্ব দিয়ে পাঠানো হলেও, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের নিরাপত্তা নিতে সাফ অস্বীকার করেন। এই প্রসঙ্গে তৃণমূলের শীর্ষনেতা ডেরেক ও ব্রায়েন জানান, বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ সম্পূর্ণ অচেনা কিছু পুলিশ অফিসারকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে পাঠানো হয়েছিল। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের কাউকেই ব্যক্তিগতভাবে চেনেন না, তাই নিরাপত্তার স্বার্থেই তাঁদের ফিরিয়ে দেওয়া হয়েছে। এই পিএসও বদল এবং নিরাপত্তা প্রত্যাহারের ঘটনাকে কেন্দ্র করে শাসক-বিরোধী তরজা এখন তুঙ্গে।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন