মাণ্ড্য: সারা জীবন রাস্তার মোড়ে মোড়ে হাত পেতে দিন গুজরান করেছেন, অথচ মৃত্যুর পরেই তাঁর জীর্ণ ভাড়া ঘর থেকে উদ্ধার হলো বস্তা বস্তা নগদ টাকা। কর্নাটকের মাণ্ড্য এলাকার ৬৮ বছর বয়সী ভিক্ষুক হুর উন্নিসার মৃত্যুর পর তাঁর কুঁড়েঘর থেকে নগদ প্রায় সাড়ে আট লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। অবিবাহিত হুর উন্নিসা তাঁর বোনের সঙ্গে একটি ছোট ঘর ভাড়া নিয়ে থাকতেন এবং দুই বোনই পথে পথে ভিক্ষা করতেন। বছর দুয়েক আগে বোনের মৃত্যুর পর থেকে তিনি সম্পূর্ণ একাই ওই ঘরে বসবাস করছিলেন। রবিবার বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ঘরেই তাঁর দেহ উদ্ধার হয়। মৃত্যুর পর প্রতিবেশীরা তাঁর ঘর পরিষ্কার ও জিনিসপত্র গোছাতে গিয়ে দেখতে পান ঘরের এক কোণে স্তূপ করে রাখা রয়েছে প্রায় ৩০টি বস্তা। বস্তাগুলি খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় উপস্থিত সবার; বস্তার ভেতর থেকে থরে থরে বেরিয়ে আসে ১০, ২০, ৫০ টাকার নোটের বাণ্ডিল এবং বিপুল পরিমাণ খুচরো কয়েন। স্থানীয়রা দীর্ঘ সময় ধরে সেই টাকা গুনে দেখতে পান মোট অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮ লক্ষ ৪০ হাজার টাকা। পরবর্তীতে প্রতিবেশীরা একত্রিত হয়ে পুরো টাকাটি হুর উন্নিসার দুই ভাইয়ের হাতে তুলে দেন। তাঁদের মধ্যে এক ভাইকে নগদ ৬ লক্ষ টাকা এবং অপর ভাইকে ২ লক্ষ ৪০ হাজার টাকা দেওয়া হয়; যা পেয়ে দ্বিতীয় ভাই নিজের ভাগের সম্পূর্ণ অর্থটি স্থানীয় একটি মসজিদে দান করে দিয়েছেন।
হিডেন স্টোরিজ নিউজ

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন