ধানবাদ: লাল দুর্গের শেষ স্তম্ভ ভেঙে গুঁড়িয়ে দিয়ে এক ঐতিহাসিক সফলতা অর্জন করল ঝাড়খণ্ড পুলিশ। রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দাদের মোস্ট ওয়ান্টেড তালিকার একদম শীর্ষে থাকা শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা অবশেষে নিরাপত্তাবাহিনীর জালে। তাঁর মাথার দাম ছিল ১ কোটি টাকা। মঙ্গলবার সন্ধ্যায় গিরিডি ও ধানবাদের সীমান্ত এলাকা থেকে ঝাড়খণ্ড পুলিশ ও গোয়েন্দা বাহিনীর যৌথ অভিযানে মিসির বেসরার পাশাপাশি তাঁর দুই ঘনিষ্ঠ সহযোগী মোচু ও সৌরভকেও গ্রেফতার করা হয়।
পুলিশ ও তদন্তকারী সূত্রের দাবি, মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির শেষ সক্রিয় নেতা ছিলেন এই মিসির বেসরা। ঝাড়খণ্ড, বিহার এবং ছত্তীসগঢ়ের এক বিশাল অংশজুড়ে মাওবাদী নেটওয়ার্ক পরিচালনা থেকে শুরু করে সংগঠনকে টিকিয়ে রাখার মূল দায়িত্ব ছিল তাঁর কাঁধেই। কোলহান, সারান্ডা এবং পরেশনাথের দুর্গম জঙ্গল এলাকাকে ঘাঁটি করে বছরের পর বছর ধরে তিনি নিজের সাম্রাজ্য চালিয়ে এসেছেন। আইইডি বিস্ফোরণ, নিরাপত্তাবাহিনীর ওপর প্রাণঘাতী হামলা, খুন এবং বিপুল অঙ্কের তোলাবাজিসহ একাধিক গুরুতর মামলায় দীর্ঘ দিন ধরে তিনি ছিলেন পুলিশ ও নিরাপত্তারক্ষীদের প্রধান লক্ষ্য।
সাম্প্রতিক সময়ে একের পর এক প্রথম সারির মাওবাদী নেতার গ্রেফতারি এবং আত্মসমর্পণের ফলে মিসির বেসরার চারপাশের বলয় অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল। এই সুযোগকে কাজে লাগিয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলি তাদের পুরো নেটওয়ার্ক সক্রিয় করে তোলে। মিসির বেসরাকে কোণঠাসা করতে সাজানো হয় বিশেষ ফাঁদ, যার পরিণতিতে এই মেগা সাফল্য। ঘটনাচক্রে, মঙ্গলবারই ঝাড়খণ্ড পুলিশের কাছে ৩৯ জন মাওবাদী সদস্য আত্মসমর্পণ করেন, যাঁদের মাথার মোট দাম ছিল ৩৯ লক্ষ টাকা। তার কয়েক ঘণ্টার মধ্যেই শীর্ষনেতা বেসরার গ্রেফতারি মাওবাদী শিবিরে সবচাইতে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।
গোয়েন্দাদের মতে, এই গ্রেফতারি সমগ্র পূর্ব ভারতে মাওবাদী আন্দোলনের কোমর ভেঙে দিল। মিসির বেসরাকে লাগাতার জেরা করে বাকি সক্রিয় মাওবাদী সদস্য, তাঁদের গোপন ডেরা এবং অর্থ জোগানের মূল উৎস সম্পর্কে অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য মিলবে বলে আশাবাদী রাজ্য ও কেন্দ্রীয় তদন্তকারী দল।
হিডেন স্টোরিজ নিউজ

বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন