নয়াদিল্লি: নিট প্রশ্নফাঁস কাণ্ড ও তার জেরে একাধিক পড়ুয়ার মর্মান্তিক আত্মহত্যার ঘটনায় যখন দেশজুড়ে স্বজনহারা পরিবারগুলির কান্নার রোল থামেনি, ঠিক তখনই বিলাসবহুল হোটেলে বলিউডি গানের তালে উদ্দাম নাচে মেতে প্রবল বিতর্কের মুখে পড়ল আন্দোলনকারীদের এক গোষ্ঠী। নিট কাণ্ড নিয়ে কয়েক সপ্তাহ ধরে চলা আন্দোলনের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে কেন্দ্র করে নিজেদের ‘জয়’ হিসেবে দাবি করে উৎসবে মেতে ওঠে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। সম্প্রতি সিজেপির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিওতে দলের মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা-সহ একাধিক সদস্যকে ফাইভ স্টার হোটেলে নাচতে দেখা গেছে। শোকাতুর পরিস্থিতির মাঝে এমন দায়িত্বজ্ঞানহীন উদযাপনের ভিডিও ভাইরাল হতেই ক্ষোভে ফুঁসছে সামাজিক মাধ্যম।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই অত্যন্ত ক্ষুব্ধ ও মর্মাহত হয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিশিষ্ট পরিবেশকর্মী তথা শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। আন্দোলন ও সাফল্যের মাঝে সংযম বজায় রাখার বার্তা দিয়ে তিনি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন যে, যে কোনো উদযাপনের পেছনেই একটি বিনয় ও শালীনতা থাকা প্রয়োজন। সাফল্য অর্জনের মতোই সেই সাফল্যকে মর্যাদা ও দায়িত্ববোধের সঙ্গে গ্রহণ করা উচিত বলে মনে করিয়ে দেন তিনি। দেশের সাধারণ ছাত্রসমাজ যখন এখনো আন্দোলনের আঁচে জ্বলছে এবং আত্মঘাতী পড়ুয়াদের পরিবার বিচার চেয়ে কাঁদছে, তখন এই ধরনের উদ্দাম নাচ ও উদযাপন কতটা যুক্তিযুক্ত—তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন নেটিজেনরা।
উল্লেখ্য, টানা ৩৬ দিন ধরে চলা টানা আন্দোলনের পর গত শনিবার সরকারের তরফ থেকে আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়া হয় এবং শিক্ষামন্ত্রী ইস্তফা দেন। কিন্তু সেই জয় উদ্যাপনের মাঝেই আন্দোলনের অন্যতম মূল মুখ সোনম ওয়াংচুককে সম্পূর্ণ ভুলে যাওয়ার অভিযোগ উঠেছে ‘আরশোলা’ নেতৃত্বের বিরুদ্ধে। যন্তর মন্তরে আয়োজিত বিজয় উৎসবে একবারের জন্যও সোনমের অবদানকে স্মরণ করেনি সিজেপির প্রধান অভিজিৎ দীপকে কিংবা তাঁর সহযোগীরা। একদিকে আন্দোলনের আসল কাণ্ডারিকে ন্যূনতম ধন্যবাদ না জানানো, অন্যদিকে শোকের আবহে বিলাসবহুল পার্টি—সব মিলিয়ে এই ককরোচ জনতা পার্টির ভূমিকা এখন কাঠগড়ায়।
হিডেন স্টোরিজ নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন