গত শুক্রবার নিট আন্দোলনকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ধর্মতলা চত্বর। আন্দোলনকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তি, সাংবাদিক নিগ্রহ এবং দেশবিরোধী স্লোগানের মতো একাধিক অভিযোগ সামনে এসেছে। এবার সেই ঘটনার প্রতিবাদে সোমবার পথে নামল বঙ্গ বিজেপি। তবে দলীয় পতাকার পরিবর্তে জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্ত থেকে মিছিল করেন বিজেপি নেতা-কর্মী-সমর্থকরা। একটি মিছিল বের হয় শিয়ালদহ থেকে ধর্মতলার উদ্দেশ্যে এবং অন্যটি গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত।
বিজেপির অভিযোগ, নিট আন্দোলনের নামে গত শুক্রবার ধর্মতলায় অরাজকতা সৃষ্টি করা হয়েছিল। আন্দোলনের আড়ালে হিংসা ছড়ানো, বিতর্কিত পোস্টার প্রদর্শন, দেশবিরোধী স্লোগান এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উপর হামলার ঘটনাকে সামনে রেখেই এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন। শিয়ালদহের মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাপস রায়, বিজেপি বিধায়ক সজল ঘোষ, শঙ্কুদেব পণ্ডা, তমোঘ্ন ঘোষ-সহ একাধিক নেতা। মিছিল থেকে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি তোলা হয়। মন্ত্রী তাপস রায় বলেন, নিট আন্দোলনের নামে অরাজকতা এবং দেশবিরোধী কার্যকলাপ কোনওভাবেই মেনে নেওয়া হবে না। যারা হিংসা ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে বিজেপি বিধায়ক সজল ঘোষ প্রশ্ন তুলেছেন, যারা হিংসার ঘটনায় গ্রেপ্তার হয়েছে, তারা কীভাবে ছাত্র হতে পারে? একইসঙ্গে সিপিএম, কংগ্রেস এবং তৃণমূলকে কটাক্ষ করে তিনি দাবি করেন, এই তিন দলই আন্দোলনের আড়ালে 'আরশোলা'দের মদত দিচ্ছে।
সরব হয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পালও। তিনি বলেন, পড়ুয়াদের সামনে রেখে দেশে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা চলছে। পুলিশ এবং সংবাদমাধ্যমকেও টার্গেট করা হয়েছে। মিছিল থেকে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি, জাতীয় পতাকা হাতে দেশবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার বার্তাও দেয় বিজেপি।
বিষয় : Kolkata BJP West Bengal

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন