পুরুলিয়াঃ এবার বাস্তবে দেখা গেল দক্ষিণী ছবি ‘পুষ্পা: দ্য রাইজ’-এর দৃশ্য। লরির নিচে বিশেষ গোপন কুঠুরি বানিয়ে কোটি টাকারও বেশি মূল্যের গাঁজা পাচারের চেষ্টা হচ্ছিল। তবে শেষরক্ষা হয়নি। পুরুলিয়া জেলা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে। মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, সোমবার গভীর রাতে গোবিন্দপুর-বালাসোর ১৮ নম্বর জাতীয় সড়কে পুরুলিয়া শহরে ঢোকার মুখে বেলকুড়ি রামকৃষ্ণ মিশনের কাছে অভিযান চালানো হয়। একটি লরিকে সামনে ও পিছনে দুটি ছোট গাড়ি পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল। সন্দেহ হওয়ায় তিনটি গাড়িকেই আটক করে করে পুলিশ। প্রথমে লরিতে তেমন কিছু না মিললেও পরে লরির নিচে তৈরি বিশেষ গোপন কুঠুরির সন্ধান পাওয়া যায়। সেই কুঠুরি খুলতেই বেরিয়ে আসে ছোট ছোট অসংখ্য প্যাকেট। দেখা যায় সেগুলিতে গাঁজা ভরা রয়েছে। ওজন করার পর জানা যায় মোট ৩২২ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। ধৃতদের মধ্যে তিনজন পশ্চিমবঙ্গের, একজন ওড়িশার এবং তিনজন বিহারের বাসিন্দা। প্রাথমিক জেরায় অভিযুক্তরা জানিয়েছে, নজর এড়াতেই লরির ভিতরে এই বিশেষ গোপন কুঠুরি তৈরি করা হয়েছিল।
পুরুলিয়া জেলা পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপের এই অভিযানে আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বড়সড় যোগসূত্রের ইঙ্গিত মিলেছে। এই মাদক কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। পুরুলিয়া জেলা পুলিশের এই সাফল্যে সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি মেনে পুলিশ যেভাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়।
বিষয় : Narcotics Purulia CM Suvendu Adhikari Operation

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন