ঢাকা: বাংলাদেশি নাগরিকদের জন্য বড় ধাক্কা! সোমবার (২৩ মার্চ, ২০২৬) এক আকস্মিক ঘোষণায় বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী-সহ সব ধরনের ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করে দিল যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে একটি বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই পদক্ষেপের মূল লক্ষ্য হল - যুক্তরাষ্ট্রের করদাতাদের স্বার্থ রক্ষা করা। সাম্প্রতিক এক পর্যালোচনায় দেখা গিয়েছে, নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা (Welfare Benefits) গ্রহণের প্রবণতা বাড়ছে। এই তালিকায় প্রথম সারিতে বাংলাদেশের নাম থাকায় মার্কিন প্রশাসন তাদের অভিবাসন নীতিমালা পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে।
সাধারণত অভিবাসী ভিসার ক্ষেত্রে কড়াকড়ি দেখা গেলেও, এবারের স্থগিতাদেশ অত্যন্ত ব্যাপক। এর আওতায় থাকছে - অভিবাসী ভিসা (Immigrant Visa), পর্যটক ভিসা (B-1/B-2), শিক্ষার্থী ভিসা (F/M/J) এবং অন্য সব ধরনের নন-ইমিগ্র্যান্ট ভিসা।
মার্কিন প্রশাসনের এই পদক্ষেপের পিছনে তিনটি প্রধান কারণ উল্লেখ করা হয়েছে। যথা - সরকারি কল্যাণমূলক সুবিধার উপর বাইরে থেকে আসা চাপ কমানো, করদাতাদের অর্থের সুরক্ষা নিশ্চিত করা এবং সামগ্রিক অভিবাসন নীতিমালার কঠোর সংস্কার। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে ভিসা যাচাই ও বাছাই প্রক্রিয়ার একটি পূর্ণাঙ্গ পর্যালোচনা চলছে। যাতে ভবিষ্যতে কেবল মার্কিন নাগরিকদের স্বার্থ রক্ষাকারী নীতিমালাই নিশ্চিত করা যায়।
এই সাময়িক স্থগিতাদেশ কতদিন কার্যকর থাকবে, সেই বিষয়ে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে নির্দিষ্ট কোনও সময়সীমা জানানো হয়নি। ফলে যাঁরা ইতিমধ্যে ভিসার আবেদন করেছেন বা ইন্টারভিউর অপেক্ষায় ছিলেন, তাঁদের ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে। হঠাৎ এই ঘোষণায় উদ্বেগ ছড়িয়েছে বাংলাদেশি পড়ুয়া ও পর্যটকদের মধ্যেও।
বিষয় : usa Bangladesh Visa

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন