ঢাকা: বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় প্রকাশ্যে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। রবিবার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনায় এক যুবক গুলিবিদ্ধ ও পরে হাসপাতালে মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ এক যুবক শহীদ মিনার প্রাঙ্গণে এসে এলোপাতাড়ি চার রাউন্ড গুলি চালায়। এতে সেখানে অবস্থানরত এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে উপস্থিত লোকজন হামলাকারী সন্দেহে এক যুবককে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করেন। প্রক্টরিয়াল টিম পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, “ঘটনাটি আমরা খতিয়ে দেখছি। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনও শিক্ষার্থী জড়িত নয়। যে গুলি করেছে এবং যে আহত হয়েছে—দুজনই বাইরের ব্যক্তি। পুলিশ একজনকে আটক করেছে।”
গুলিবিদ্ধ যুবকের নাম রাকিব (২৭)। তিনি ভিডিও কনটেন্ট ক্রিয়েটর বলে জানা গেছে। তাকে হাসপাতালে নিয়ে আসা জিএম ইশান বলেন, রাতের দিকে কয়েকজন বন্ধু শহীদ মিনারের পাশে আড্ডা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। পরে গিয়ে দেখা যায়, এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
আহতের বন্ধু মো. রনি জানান, রাকিব কয়েকজন বন্ধু ও বান্ধবীর সঙ্গে শহীদ মিনারের পাশে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় এক যুবক তাকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর গুলির শব্দ শুনে তারা শহীদ মিনারের দিকে গিয়ে রাকিবকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার মাথায় গুলিবিদ্ধসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
গুরুতর আহত রাকিবকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে।
এদিকে ঘটনাস্থলে উপস্থিত লোকজন একজন সন্দেহভাজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। বর্তমানে তিনি শাহবাগ থানা পুলিশের হেফাজতে রয়েছেন। ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
বিষয় : Murder Bangladesh

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন