কলকাতা: আরজি করের ঘটনার পর থেকে যে জুনিয়র ডাক্তাররা এককাট্টা হয়ে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন, তাঁদের মধ্যেই এবার বিচ্ছেদের সুর। বুধবার এক চাঞ্চল্যকর সাংবাদিক বৈঠকে সংগঠনের অন্যতম পরিচিত মুখ ডাক্তার অনিকেত মাহাতোর সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করল 'বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট'। একই সঙ্গে দীর্ঘদিনের অভিযোগ উড়িয়ে ফান্ডের পাই-পাই হিসাব জনসমক্ষে আনলেন অর্ণব মুখোপাধ্যায় ও পুলস্ত্য আচার্যরা।
সংগঠনের পক্ষ থেকে অর্ণব মুখোপাধ্যায় জানান, সুপ্রিম কোর্টে আইনি লড়াই এবং আন্দোলনের প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে চালাতেই ট্রাস্ট গঠন করা হয়েছিল। বিগত কয়েক মাস ধরে এই বডিটি কীভাবে কাজ করবে, তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। মানুষের ভরসা বজায় রাখতেই একটি এগজিকিউটিভ কমিটি গঠন করা হয়েছে। কারা কীভাবে এই কমিটিতে যোগ দেবেন, তা শীঘ্রই জানানো হবে।
অনিকেত মাহাতোর সঙ্গে মতবিরোধ ও অডিট সংক্রান্ত সমস্যা নিয়ে অর্ণববাবু সাফ জানান, অনিকেত সংগঠনের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। সংগঠনের অডিট নিয়ে কোনও অস্পষ্টতা নেই। অর্ণবের দাবি:
"ভারতের ইতিহাসে এমন কোনও গণআন্দোলন নেই যেখানে এইভাবে জনসমক্ষে অডিট রিপোর্ট প্রকাশ করা হয়। আমরা স্বচ্ছতা বজায় রাখতে বদ্ধপরিকর।"
ফ্রন্টের পক্ষ থেকে জনগণের দেওয়া 'ক্রাউড ফান্ডিং'-এর বিস্তারিত হিসাব দেওয়া হয়:
মোট ফান্ড: শুরুতে ছিল প্রায় ১ কোটি ৯৪ লক্ষ টাকা।
বিচার প্রক্রিয়ার খরচ: সুপ্রিম কোর্ট ও অন্যান্য আইনি লড়াইয়ে খরচ হয়েছে ৪২ লক্ষ টাকা।
অনিকেত মাহাতোর মামলা: অনিকেত মাহাতোর বিশেষ কেসের জন্য খরচ হয়েছে প্রায় সাড়ে ১৭ লক্ষ টাকা।
থ্রেট কালচার ও অন্যান্য: বিভিন্ন জায়গায় 'থ্রেট কালচার' সংক্রান্ত মামলায় ৩ লক্ষ ৭০ হাজার টাকা এবং ঘাটালের বন্যায় ১ লক্ষ ৩৩ হাজার টাকা সাহায্য করা হয়েছে।
সরকারি ট্যাক্স: উল্লেখযোগ্যভাবে, ১ কোটি ৭০ লক্ষ টাকা সরকারকে ট্যাক্স হিসেবে দেওয়া হয়েছে।
পুলস্ত্য আচার্য জানান, অনিকেত মাহাতোর পদত্যাগ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে তিনি যে 'এসআরশিপ' পোস্টিং ছেড়ে দিয়েছেন, তাকে মোটেই ভালো চোখে দেখছেন না ফ্রন্টের বাকি সদস্যরা। পুলস্ত্যর দাবি, এই পদত্যাগের ফলে প্রকারান্তরে সরকারকেই সুবিধা করে দেওয়া হয়েছে। অনিকেত আলাদাভাবে যে ক্রাউড ফান্ডিং করেছেন, তার দায় সংগঠন নেবে না বলেও জানানো হয়েছে।
এদিন স্পষ্ট জানানো হয়, "আমরা অনিকেত মাহাতোর সাথে সমস্ত রকম সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করছি।"
আন্দোলনের তথ্যাদি এবং স্বচ্ছতা বজায় রাখতে 'বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট'-এর নিজস্ব ওয়েবসাইট লঞ্চ করা হচ্ছে। ভবিষ্যতে সমস্ত আপডেট ও নথিপত্র সেখানেই পাওয়া যাবে।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন