ঢাকা: বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনের আগে ক্রমেই ঘোরালো হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। বুধবার ঢাকার বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক তথা ছাত্র আন্দোলনের পরিচিত মুখ নাহিদ ইসলামের নির্বাচনী কার্যালয় লক্ষ্য করে একদল দুষ্কৃতী এলোপাথাড়ি গুলি চালায়। এই ঘটনায় কোনো হতাহতের খবর না মিললেও নির্বাচনের আগে নিরাপত্তার কঙ্কালসার দশা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বুধবার আচমকাই একদল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী নাহিদ ইসলামের নির্বাচনী কার্যালয়ের সামনে উপস্থিত হয়। কিছু বুঝে ওঠার আগেই তারা অফিস লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দে গোটা বাড্ডা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটতে শুরু করেন। তবে সেই সময় কার্যালয়ের ভেতরে ঠিক কতজন কর্মী ছিলেন এবং নাহিদ ইসলাম নিজে সেখানে উপস্থিত ছিলেন কি না, তা নিয়ে এখনও স্পষ্ট তথ্য মেলেনি।
উল্লেখ্য, ২০২৪-এর ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান মুখ নাহিদ ইসলাম বর্তমানে বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। সম্প্রতি তিনি ‘জাতীয় নাগরিক পার্টি’ (NCP) গঠন করে নির্বাচনী ময়দানে নেমেছেন। তাঁর অফিসের ওপর এই হামলাকে অনেকেই রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছেন। নাহিদ ইসলামের সমর্থকদের দাবি, ভয় দেখিয়ে তাঁদের নির্বাচনী লড়াই থেকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
খবর পাওয়ার পরপরই বিশাল পুলিশবাহিনী বাড্ডার ওই কার্যালয়টি ঘিরে ফেলে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (DMP) পক্ষ থেকে জানানো হয়েছে:
এলাকা থেকে গুলির খোল উদ্ধার করা হয়েছে।
দুষ্কৃতীদের চিহ্নিত করতে আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
হামলাটি ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক অস্থিরতা তৈরি করার ছক, তা গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
বাংলাদেশে ২০২৬-এর ফেব্রুয়ারি মাসে সাধারণ নির্বাচন হওয়ার কথা। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক সংঘাতের খবর বাড়ছে। কয়েকদিন আগেই খুলনায় জনৈক এনসিপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই খোদ রাজধানীর বুকে নাহিদ ইসলামের অফিসে এই হামলা প্রশাসনের ওপর চাপ আরও বাড়াল।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন