বন্যপ্রাণ ও পরিবেশরক্ষাকে অগ্রাধিকার দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন ও বন দফতরের পক্ষ থেকে একটি সাইকেল র্যালির আয়োজন করা হল। মানুষের দুয়ারে সচেতনতার বার্তা পৌঁছে দিতে এই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়। মেদিনীপুর শহরের রাঙামাটি থেকে শালবনীর পিরাকাটা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। এই পথে প্রায় ৩২ কিলোমিটার অতিক্রম করেন ব়্যালিতে অংশগ্রহণকারীরা।
এই ব়্যালির নেতৃত্ব দেন মুখ্য বনপাল এস কুণাল দেবল। উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা এবং পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি-সহ প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক।
প্রশাসনের কর্মকর্তাদের মতে, কেবল আইন দিয়ে নয়, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়েই বন্যপ্রাণ রক্ষা করা সম্ভব। সাইকেল র্যালির মাধ্যমে পরিবেশবান্ধব যাতায়াতের বার্তা দেওয়ার পাশাপাশি জঙ্গলের পশুপাখিদের নিরাপত্তা নিশ্চিত করতে গ্রামবাসীর সহযোগিতাও চাওয়া হয়।
ব়্যালি চলার সময় রাস্তার দু'পাশে প্রচুর সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়। যা এই উদ্যোগের সাফল্যকেই প্রতিফলিত করে। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে বন্যপ্রাণ ও প্রকৃতি রক্ষায় এই ধরনের আরও পদক্ষেপ করা হবে।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন