মধ্যপ্রদেশের সাগর জেলায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের দাবি, সরকারি হাসপাতালে চিকিৎসার সময় ভুলবশত ১৯ মাসের এক শিশুর চোখে নাকের ড্রপ দিয়ে দেন কর্তব্যরত চিকিৎসক। এরপরই দ্রুত অবনতি হতে থাকে শিশুটির শারীরিক অবস্থার। শেষ পর্যন্ত ভোপাল AIIMS-এ নিয়ে যাওয়া হলেও শিশুটি স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারিয়েছে বলে অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন ধরে সর্দি-কাশিতে ভুগছিল শিশুটি। পাশাপাশি তার চোখও লাল হয়ে গিয়েছিল। সোমবার বাবা ইন্দ্রাজ বিশ্বকর্মা তাকে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যান। পরিবারের অভিযোগ, পরীক্ষা করার পর চিকিৎসক ভুলবশত চোখে দেওয়ার ওষুধের পরিবর্তে নাকের ড্রপ প্রয়োগ করেন। এর কিছুক্ষণের মধ্যেই শিশুটির চোখের সমস্যা আরও গুরুতর হয়ে ওঠে। পরিবার জানায়, দীর্ঘক্ষণ হাসপাতালে রাখার পরও অবস্থার উন্নতি হয়নি। পরে অন্য একটি হাসপাতালে পাঠানো হয় তাকে। সেখানকার চিকিৎসকেরা দ্রুত ভোপাল AIIMS-এ নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
বর্তমানে শিশুটি স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারিয়েছে বলে পরিবারের দাবি। ঘটনার পর চিকিৎসায় গাফিলতির অভিযোগে তদন্ত শুরু করেছে পুলিশ। সংশ্লিষ্ট চিকিৎসকের ভূমিকা এবং চিকিৎসা পদ্ধতিতে কোনও ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিষয় : DOCTOR MedicalNegligence Hospital childhealth AIIMS

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন