মঙ্গলবার সাতসকালে হুগলির আরামবাগে ঘটে গেল মর্মান্তিক বাস দুর্ঘটনা। যাত্রীবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গিয়ে নয়ানজুলিতে পড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান দুই মহিলা যাত্রী। আহত হয়েছেন আরও বহু যাত্রী।
জানা গিয়েছে, বর্ধমানের দিক থেকে তারকেশ্বরগামী বাসটি প্রায় ৪০-৫০ জন যাত্রী নিয়ে যাচ্ছিল। আরামবাগের আদমবাঁধ এলাকায় পৌঁছনোর পরই হঠাৎ বাসটির পাতি ভেঙে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উলটে পড়ে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান এবং বাসের ভেতর থেকে যাত্রীদের বের করেন। দুর্ঘটনায় নিহত দুই মহিলার নাম লক্ষ্মী মুর্মু (৬৫) এবং শর্মিলা সরেন (৩৫)। তাঁদের বাড়ি পূর্ব বর্ধমানের ধাড়ান এলাকায়। তাঁরা তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আহতদের আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। দুর্ঘটনার পর স্থানীয়দের অভিযোগ, সময়মতো অ্যাম্বুল্যান্স না পৌঁছনো এবং দেরিতে উদ্ধারকাজ শুরু হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এই নিয়েই এলাকায় বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের আরও অভিযোগ, ওই রাস্তার বেহাল অবস্থাই দুর্ঘটনার অন্যতম কারণ। বারবার অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাঁদের। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।
বিষয় : busaccident roadaccident ARAMBAGH

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন