ডায়মন্ড হারবার: রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই একের পর এক দুর্নীতি ও বেআইনি কার্যকলাপের পর্দাফাঁস শুরু হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো তৃণমূলের দাপুটে শিক্ষক নেতা মইদুল ইসলামের নাম। দেদার হুমকি এবং নিয়োগ সংক্রান্ত নানা দুর্নীতির অভিযোগে সোমবার ভোরে ডায়মন্ড হারবার থানার পুলিশের হাতে ধরা পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অত্যন্ত ঘনিষ্ঠ নেতা। পুলিশের নজর এড়িয়ে বাইক নিয়ে এলাকা ছাড়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। আপাতত তাঁকে আটক করে থানায় ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
ডায়মন্ড হারবারের বাঁশুলডাঙার বাসিন্দা মইদুল ইসলাম এক সময় সিপিএমের সক্রিয় সমর্থক থাকলেও তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর ভোল পাল্টে ফেলেন। বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদ হওয়ার পর তাঁর ‘গুড বুকে’ চলে আসেন মইদুল এবং সাংসদের প্রভাবেই বাগিয়ে নেন তৃণমূলের প্রাথমিক শিক্ষা সেলের রাজ্য সভাপতির পদ। তবে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। এর আগেও একবার পুলিশি তল্লাশির সময় নিজের বাড়িতে গৃহবন্দি হয়ে আতঙ্কে দিন কাটিয়েছিলেন তিনি। এবার রাজ্যে নতুন সরকার আসার পর পুরনো সেই সমস্ত দুর্নীতির ফাইল খুলতেই খাঁচায় বন্দি হলেন এই একদা ক্ষমতাশালী নেতা।
পুলিশের জালে অভিষেক ঘনিষ্ঠ দাপুটে শিক্ষক
সোমবার দিনভর যখন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করছিলেন ইডি আধিকারিকরা, তখন ইডি দপ্তরের বাইরেই নজর কাড়ছিলেন মইদুল। রাত ১০টার পর অভিষেক বেরিয়ে যাওয়ার পর মইদুলও নিজের ডায়মন্ড হারবারের বাড়ির দিকে রওনা দেন। তবে পুলিশ আগে থেকেই তাঁর ওপর কড়া নজর রাখছিল। সূত্রের খবর, নিজের বিপদ আঁচ করতে পেরে সোমবার ভোরে বাইক নিয়ে এলাকা ছাড়ার ছক কষেছিলেন তিনি। কিন্তু হটুগঞ্জ এলাকায় পুলিশ তাঁকে আটকে দেয়। গ্রেফতারি যে অবশ্যম্ভাবী, তা আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আশঙ্কা প্রকাশ করেছিলেন মইদুল। রাজনৈতিক মহলের মতে, অভিষেক ঘনিষ্ঠ এই নেতার গ্রেফতারি এখন স্রেফ সময়ের অপেক্ষা।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন