কলকাতা: রাজ্যে ঐতিহাসিক পালাবদলের পর প্রশাসনিকস্তরে একের পর এক বড়সড় রদবদল করছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশনের সঙ্গে রাজ্যের বহু বছরের পুরোনো সংঘাত মেটাতে নজিরবিহীন পদক্ষেপ করল নতুন বিজেপি সরকার। তৃণমূল জমানায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বারবার ডিভিসিকে নিশানা করে ‘ম্যান মেড বন্যা’র তোপ দাগতেন, সেখানে সেই ডিভিসির ‘দামোদর ভ্যালি রিভার রেগুলেশনস কমিটি’তে ফের রাজ্যের প্রতিনিধি পাঠানোর ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরাসরি নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত দু’বছর ধরে এই গুরুত্বপূর্ণ কমিটিতে পশ্চিমবঙ্গের কোনও প্রতিনিধি ছিল না। আগের তৃণমূল সরকারের আমলে ডিভিসির তরফে রাজ্যকে আগাম না জানিয়ে আচমকা জল ছাড়ার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় ক্ষুব্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই কমিটি থেকে নিজেদের প্রতিনিধি প্রত্যাহার করে নিয়েছিল। যার জেরে কেন্দ্র-রাজ্য সংঘাত চরম পর্যায়ে পৌঁছয়। এবার সেই তিক্ততা ভুলে সমন্বয়ের রাস্তা বেছে নিল নতুন সরকার।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গে একটি উচ্চপর্যায়ের ভার্চুয়াল বৈঠক করেন। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার থেকে ডিভিসি রাজ্যের সঙ্গে সম্পূর্ণ সমন্বয় বজায় রেখে এবং আগাম বার্তা দিয়ে জল ছাড়বে। ভবিষ্যতে হড়পা বান বা আকস্মিক বন্যা পরিস্থিতি এড়াতে বিদ্যুৎ দফতর এবং সেচ দফতরের প্রতিনিধিদের ডিভিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে কাজ করার কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিকে রাজ্যে বর্ষা নামার আগেই বন্যা ও জলযন্ত্রণা রুখতে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে প্রশাসন। নবান্নের তরফে রাজ্যের সমস্ত পুরসভা পুরনিগমগুলিকে এখন থেকেই সক্রিয় হওয়ার কড়া বার্তা দেওয়া হয়েছে। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়েছেন, “সামনেই বর্ষাকাল আসছে। তাই কোনওরকম ঢিলেমি না দিয়ে এখন থেকেই শহরের নিকাশিব্যবস্থা এবং আবর্জনা পরিষ্কারের কাজগুলি যুদ্ধকালীন তৎপরতায় শুরু করতে হবে।”
অতীতে ডিভিসির জল ছাড়া নিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে যে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি চলত, শুভেন্দু অধিকারীর এই মাস্টারস্ট্রোকের পর সেই পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে এবং বাংলার মানুষ ‘ম্যান মেড বন্যা’র অভিশাপ থেকে মুক্তি পাবেন বলেই আশা করছে রাজনৈতিক মহল।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন