হাওড়া: হাওড়ার শিবপুরে এক চাঞ্চল্যকর অভিযানে চক্ষু চড়কগাছ পুলিশ প্রশাসনের! ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত এবং বর্তমানে ফেরার তৃণমূল নেতা শামিম আহমেদ ওরফে 'বড়ে'-র বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে বেরিয়ে এল এক রহস্যময় জগতের হদিশ। অভিযুক্ত নেতার খোঁজ করতে গিয়ে পুলিশ আধিকারিকরা দেখেন, সাধারণ দর্শন বাড়ির ভিতরে লুকিয়ে আছে এক বিলাসবহুল রাজপ্রাসাদ।
শুধু তাই নয়, বাড়ির ভেতর দিয়ে নেমে গিয়েছে একটি গোপন সুড়ঙ্গ, যার অন্দরে রয়েছে চোখ ধাঁধানো সব আসবাবপত্র। কারুকার্য করা ড্রেসিং টেবিল থেকে শুরু করে মখমলি পালঙ্ক— সবকিছু দেখে মনে হবে যেন কোনো সিনেমার সেট। এই বিলাসবহুল জীবনের ছবি সামনে আসতেই এখন শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে।
রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এই শামিম আহমেদের বিরুদ্ধে শিবপুরের চওড়াবস্তি এলাকায় বিজেপি সংখ্যালঘু সেলের এক নেতার বাড়িতে হামলা, বোমাবাজি এবং গুলি চালানোর গুরুতর অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকেই এলাকাছাড়া এই নেতা। এই প্রেক্ষাপটে বিজেপির পক্ষ থেকে কটাক্ষ করা হয়েছে যে, কেবল সুড়ঙ্গ নয়, এবার টাকার পাহাড়ও বেরিয়ে আসবে।
হাওড়ার এই ঘটনা নিয়ে সরব হয়েছেন রুদ্রনীল ঘোষও; তাঁর দাবি, ক্ষমতার অপব্যবহার করে অপরাধীদের স্বর্গরাজ্য তৈরি করা হয়েছে এই শহরে। পুলিশের ওপর চাপ তৈরি করে এই ধরনের অপরাধীদের প্রশ্রয় দেওয়ার যে সংস্কৃতি গড়ে উঠেছিল, এই সুড়ঙ্গ-রহস্য তারই এক অনন্য নিদর্শন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন