নয়াদিল্লি: মাঠের লড়াই মাঠেই থাক, অসুস্থ প্রতিপক্ষ অধিনায়কের জন্য বিগলিত ক্রিকেট বিশ্বের কিংবদন্তিদের মন। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ১৯৯২-এর বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে এবার সরব হলেন সুনীল গাভাসকর, কপিল দেব, ক্লাইভ লয়েডদের মতো ক্রিকেট ইতিহাসের দিকপালরা। বর্তমানে জেলবন্দি ‘কাপ্তান’-এর সুচিকিৎসা এবং মানবিক আচরণের দাবি জানিয়ে পাকিস্তান সরকারকে যৌথ চিঠি পাঠালেন পাঁচ দেশের মোট ১৪ জন প্রাক্তন অধিনায়ক।
২০২৩ সাল থেকে কারাবন্দি ইমরান খান। অভিযোগ, জেল হেফাজতে থাকাকালীন পাক সরকারের নির্যাতনের শিকার হয়েছেন তিনি। এমনকি উপযুক্ত চিকিৎসার অভাবে এক চোখের দৃষ্টিশক্তি হারাতে বসেছেন কিংবদন্তি এই অলরাউন্ডার— এই খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে ক্রিকেট দুনিয়া। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের প্রাক্তনীরা বিভেদ ভুলে একজোট হয়েছেন তাঁদের প্রিয় ‘ইম্মি’-র জন্য।
পাক সরকারকে পাঠানো ওই চিঠিতে স্বাক্ষর করেছেন সুনীল গাভাসকর, কপিল দেব, অ্যালান বর্ডার, ক্লাইভ লয়েড, ইয়ান চ্যাপেল, গ্রেগ চ্যাপেল, স্টিভ ওয়া, মাইকেল আথারটন, নাসের হুসেন, ডেভিড গাওয়ার, মাইক ব্রিয়ারলি, কিম হিউজ, জন রাইট এবং বেলিন্ডা ক্লার্ক। চিঠিতে তাঁরা লিখেছেন, “পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের স্বাস্থ্য নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। মাঠের লড়াইয়ে তাঁর প্রতিভা ও দক্ষতা আমাদের মুগ্ধ করেছে। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার এবং দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে তাঁর বিশেষ মর্যাদা রয়েছে। জেলের অন্ধকারে তাঁর দৃষ্টিশক্তি কমে যাওয়ার খবরে আমরা আতঙ্কিত।”
প্রাক্তন অধিনায়কদের সম্মিলিত দাবি, ইমরানের মতো ব্যক্তিত্বের সঙ্গে যেন মানবিক আচরণ করা হয়। দ্রুত তাঁর জন্য বিশেষ মেডিকেল বোর্ড গঠন করে সুচিকিৎসার ব্যবস্থা করা, নিয়মিত স্বাস্থ্য বুলেটিন প্রকাশ এবং পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়ার আর্জি জানানো হয়েছে ওই চিঠিতে। বর্তমানে ভারত-পাক দ্বিপাক্ষিক ক্রিকেটীয় সম্পর্ক তলানিতে ঠেকলেও, মাঠের বাইরের এই সংহতি প্রমাণ করল যে ক্রিকেটীয় স্পিরিটের কাছে সীমানার কাঁটাতার তুচ্ছ। যদিও এই চিঠির প্রেক্ষিতে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি।
বিষয় : Imran Khan

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন