কলকাতা: মাতৃভাষার মর্যাদা ও প্রসার রক্ষায় রাজ্য প্রশাসনে এক যুগান্তকারী পদক্ষেপের কথা ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। আগামী ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত সরকারি দপ্তরের যাবতীয় কাজকর্ম, দাপ্তরিক চিঠিপত্র, প্রশাসনিক বিজ্ঞপ্তি এমনকী থানার দৈনন্দিন নথিপত্রে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে।
সোমবার বিধানসভার অধিবেশন শুরু হতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বয়ং এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সম্প্রতি রাজ্য সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলা ভাষার বিস্তার ও সুদীর্ঘ ঐতিহ্য নিয়ে মুখ্যমন্ত্রীকে একটি বিশেষ চিঠি পাঠিয়েছিলেন। বিধানসভার কক্ষে সেই চিঠি পড়ে শোনানোর পর, তাঁরই পরামর্শ ও সুপারিশকে সম্মান জানিয়ে পূর্ণাঙ্গ প্রশাসনিক রূপ দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
প্রশাসনিক পরিকাঠামো প্রস্তুত এবং বিভিন্ন পরিভাষার যথাযথ অনুবাদের সুবিধার্থে দেড় মাস সময় নিচ্ছে রাজ্য সরকার। একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অপর একটি প্রস্তাব মেনে নিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, এখন থেকে কেন্দ্র ও রাজ্যের প্রশাসনিক যোগাযোগের ক্ষেত্রেও আমূল পরিবর্তন আসছে।
ইংরেজি ভাষার সলিল সমাধি ঘটিয়ে কেন্দ্রের সঙ্গে সমস্ত চিঠিপত্র আদান-প্রদানে ব্যবহার করা হবে রাজভাষা হিন্দি। এই উদ্দেশ্যে কেন্দ্রের রাজভাষা বিভাগের বিশেষ সফ্টওয়্যারের সাহায্য নেওয়া হবে। সরকারপ্রধানের এই সময়োপযোগী ও দূরদর্শী সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু বলেন, অধিবেশনের সমস্ত কাজ পূর্ণাঙ্গভাবে বাংলায় পরিচালনা করার যে স্বপ্ন তাঁর ছিল, এই যৌথ উদ্যোগের মাধ্যমে তা বাস্তবায়নের পথ প্রশস্ত হল।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন