ফুটবল তারকা লিওনেল মেসি-কে ঘিরে আয়োজিত বহুচর্চিত ইভেন্টের তদন্তে ফের চাপে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। অনুমতি ছাড়াই মাঠে নেমে মেসিকে জড়িয়ে ধরা, প্রভাব খাটিয়ে ইভেন্টের অন্তত ২২ হাজার টিকিট সংগ্রহ এবং ক্ষমতার অপব্যবহারের মতো একাধিক অভিযোগে মঙ্গলবার তাঁকে আবারও তলব করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। আগামী ১০ জুলাই কলকাতা হাই কোর্টে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে। তার আগেই অরূপ বিশ্বাসকে ফের জিজ্ঞাসাবাদ করতে চাইছে তদন্তকারী দল।
গত বছরের ডিসেম্বর মাসে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত মেসি-সংক্রান্ত অনুষ্ঠানে বিশৃঙ্খলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল অনুষ্ঠানের অন্যতম আয়োজক শতদ্রু দত্ত-কে। পরে তিনি জামিনে মুক্তি পান। সরকার পরিবর্তনের পর শতদ্রুই অরূপ বিশ্বাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে টিকিট ব্ল্যাক, আর্থিক প্রতারণা এবং ক্ষমতার অপব্যবহারের মতো গুরুতর অভিযোগ তোলা হয়। সেই সূত্রেই তদন্ত শুরু করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। একাধিকবার নোটিস পাঠানো হলেও প্রথমদিকে হাজিরা এড়িয়ে যান অরূপ।
বিশ্বকাপে প্রকৃতির কোপ! প্র্যাকটিস না করেই মিশরের মুখোমুখি আর্জেন্টিনা?
পরে তিনবার তদন্তে যোগ দিয়ে তিনি দাবি করেন, তিনি সম্পূর্ণ সহযোগিতা করছেন। এদিকে, এই মামলায় অরূপ বিশ্বাসকে অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছে কলকাতা হাই কোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১৭ আগস্ট পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না। তবে তদন্ত চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই। সেই কারণেই হাই কোর্টে রিপোর্ট জমার আগে তাঁকে আবারও ডেকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ। গত প্রায় ছয় মাস ধরে এই মামলার তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
প্রসঙ্গত, অরূপ বিশ্বাসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল লিওনেল মেসির ম্যানেজমেন্ট টিম-ও। কলকাতার পুলিশ কমিশনারের কাছে পাঠানো এক চিঠিতে তারা অভিযোগ করে, নির্ধারিত নিরাপত্তা প্রোটোকল ভেঙে তৎকালীন ক্রীড়ামন্ত্রী মাঠে প্রবেশ করেন। শুধু তাই নয়, ছবি তোলার সময় বারবার মেসির খুব কাছে যাওয়ার এবং অপ্রয়োজনীয় শারীরিক সংস্পর্শে আসারও চেষ্টা করেন বলে অভিযোগ। মেসির কাঁধ ও কোমরে হাত রাখার ঘটনাও সেই অভিযোগে উল্লেখ করা হয়। পাশাপাশি পুরো অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিল মেসির ম্যানেজমেন্ট টিম।

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন