আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতায় শুরু হয়ে গেল তিনদিনব্যাপী বিশেষ কর্মসূচি। শুক্রবার সকালেই শহরের ১১টি জায়গা এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় ‘রান ফর যোগা’ ম্যারাথনের। কলকাতা পুরসভার সামনে আয়োজিত মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী, শীর্ষ আমলারা এবং প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ।
নির্ধারিত সূচি অনুযায়ী সকাল সাড়ে ছটায় শুরু হয় কর্মসূচি। ম্যারাথনের সূচনা করে নিজেও তাতে অংশ নেন মুখ্যমন্ত্রী। কলকাতা পুরসভা থেকে মহাকরণ পর্যন্ত দৌড়ের পর মহাকরণের সামনে অনুষ্ঠিত হয় যোগাসন কর্মসূচি, যেখানে অংশ নেন বহু মানুষ। সরকারের তরফে জানানো হয়েছে, যোগ দিবসকে কেন্দ্র করে শুধু স্বাস্থ্য সচেতনতার বার্তাই নয়, স্বচ্ছতা ও পরিবেশ রক্ষার বার্তাও তুলে ধরা হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যজুড়ে চলছে পরিচ্ছন্নতা অভিযান। এদিনের কর্মসূচিতেও শহর পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। ম্যারাথনে অংশ নেন ইন্দ্রনীল খাঁ-সহ আরও অনেকে।
২০ জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে গঙ্গার বুকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘বন্দে যোগম’ নামে সেই অনুষ্ঠানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে তৈরি হবে বিশেষ পরিবেশ। পাশাপাশি কলকাতার আকাশে ওড়ানো হবে প্রায় ৩ হাজার ড্রোন। ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান হবে রেড রোডে। সকাল ৬টা ১৫ মিনিটে জমায়েত শুরু হবে এবং আধ ঘণ্টা পরে শুরু হবে মূল কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এই উপলক্ষে রাজ্যবাসীর কাছে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব বাংলা গড়ার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর আহ্বান, নিজেদের এলাকা পরিষ্কার রেখে ঐতিহাসিক কলকাতাকে নতুনভাবে তুলে ধরুন।

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন