সংসদে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের ইস্যুতে নতুন মোড়। লোকসভার স্পিকার ওম বিড়লা ফের সময় দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিদ্রোহী সাংসদদের নিয়ে তৃণমূলের আপত্তি জানিয়ে রবিবারই স্পিকারকে চিঠি দিয়েছিলেন অভিষেক। সেই চিঠি স্পিকারের হাতে পৌঁছে দেন তৃণমূলের দুই সাংসদ সাগরিকা ঘোষ, কীর্তি আজাদ।
চিঠিতে অভিষেক স্পষ্ট ভাষায় দাবি করেন, তৃণমূল কংগ্রেস একটি অবিভাজ্য রাজনৈতিক দল। কয়েকজন সাংসদ আলাদা হয়ে গিয়ে সংসদের ভিতরে কোনও স্বতন্ত্র গোষ্ঠী হিসেবে স্বীকৃতি দাবি করতে পারেন না। দলীয় হুইপ ও দলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে উল্লেখ করা হয় ওই চিঠিতে। সূত্রের খবর, চিঠি পাঠানোর পরের দিনই নিয়োগ দুর্নীতি মামলায় ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন অভিষেক। সেই সময় স্পিকারের দফতর থেকে পাঠানো বার্তা তাঁর কাছে পৌঁছায়নি। পরে বিষয়টি জানাজানি হলে নতুন করে সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়।
কীর্তি আজাদের মাধ্যমে বিষয়টি জানাজানি হওয়ার পর নতুন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সময় দেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সূত্রের খবর, বিদ্রোহী সাংসদদের ইস্যু নিয়ে আলোচনার জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করা হয়েছে। সেই বৈঠকে যোগ দিতেই শুক্রবার দিল্লি রওনা হচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সংসদে তৃণমূলের অবস্থান, বিদ্রোহী সাংসদদের স্বীকৃতির প্রশ্ন এবং পরবর্তী সাংসদীয় কৌশল নিয়ে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন নজর স্পিকার-অভিষেক বৈঠক থেকে কী বার্তা বেরিয়ে আসে সেদিকেই।

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন