আমেরিকার কানসাসে তখন ফুটবল জাদুকর লিওনেল মেসির হ্যাটট্রিকে মুগ্ধ গোটা বিশ্ব। সমাজমাধ্যমে ভাসছে প্রশংসার বন্যা। আর ঠিক সেই সময়ই কলকাতায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। মেসি-সংক্রান্ত একটি পুরনো মামলার তদন্তে বৃহস্পতিবার বিধাননগর থানায় হাজিরা দিতে আসতেই তাঁকে ঘিরে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর।
গত ডিসেম্বর মাসে কলকাতায় মেসির সফরকে কেন্দ্র করে যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার অভিযোগ ওঠে। সেই ঘটনায় তদন্তের স্বার্থে একাধিকবার তলব করা হলেও আগে হাজিরা দেননি অরূপ বিশ্বাস। অবশেষে বৃহস্পতিবার তিনি বিধাননগর দক্ষিণ থানায় পৌঁছন। প্রায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
কালী মন্দিরে চুরির কিনারা, একদিনেই দুই অভিযুক্ত গ্রেফতার
অরূপের থানায় হাজিরার খবর সামনে আসতেই আক্রমণ শানায় বিজেপি। বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ কটাক্ষ করে বলেন, “মেসি হ্যাটট্রিক করেন মাঠে, আর অরূপ বিশ্বাস হ্যাটট্রিক করেন অন্য জায়গায়।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। একই সুরে সরব হন বিজেপি নেতা সজল ঘোষ।
মেসির হ্যাটট্রিকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বাংলার সমস্ত মানুষ, বিশেষ করে যাঁরা রাজনীতি করেন না, যাঁরা রাত জেগে ফুটবল দেখেন, তাঁরা প্রত্যেকে চান অরূপ বিশ্বাস যেন বাড়ি না ফেরেন, তিনি যেন জেলে যান।’ প্রসঙ্গত, মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে হওয়া বিশৃঙ্খলার অভিযোগের তদন্ত এখনও চলছে। সেই তদন্তেই গুরুত্বপূর্ণ তথ্য পেতেই অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন