কলকাতা: পিছু ছাড়ছে না মমতার জমানার বিপুল ঋণের বোঝা! আর সেই কারণেই রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ ১০০ শতাংশের বদলে ৮৫ শতাংশ মেটাতে চায় বর্তমান রাজ্য সরকার। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের (ক্যাটের) প্রিন্সিপাল বেঞ্চে এই সংক্রান্ত স্টেটাস রিপোর্ট জমা দিয়ে এমনটাই জানানো হয়েছে রাজ্যের তরফে।
একইসঙ্গে কীভাবে ধাপে ধাপে এই বকেয়া টাকা মেটানো হবে, সেই পরিকল্পনার কথাও বিস্তারিতভাবে পেশ করা হয়েছে। জমা দেওয়া ওই রিপোর্টে রাজ্য জানিয়েছে, পূর্বতন সরকারের রেখে যাওয়া বিপুল আর্থিক বোঝার কারণেই ১৫ শতাংশ ছাড়ের আবেদন জানানো হয়েছে এবং আগামী ২০২৮ সালের মধ্যে মোট চার কিস্তিতে এই বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
নিট দুর্নীতিতে চরম অ্যাকশনে মোদী! জানুন বড় আপডেট...
এর আগে কর্মীদের বকেয়া ডিএ’র ১০০ শতাংশ মিটিয়ে দেওয়ার পাশাপাশি এই সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনেই বুধবার রাজ্যের তরফে রিপোর্ট জমা দেওয়া হয় এবং সেখানেই বেশ কিছুটা ছাড়ের আবেদন করা হয়েছে। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালকে রাজ্য জানিয়েছে, ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া ডিএ বাবদ রাজ্য সরকারি কর্মীদের মোট ১১ হাজার ৯৮৩ কোটি টাকা মেটাতে হবে। রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখেই বিপুল অঙ্কের এই টাকা একলপ্তে না দিয়ে চার ধাপে দেওয়ার কথা বলা হয়েছে। সরকারের তরফে ক্যাটের প্রিন্সিপাল বেঞ্চে যে হিসাব দেওয়া হয়েছে, সেখানে জানানো হয়েছে বকেয়া ডিএ-র ৭ হাজার ৭৭১ কোটি টাকা ইতিমধ্যেই প্রথম কিস্তি হিসেবে মিটিয়ে দেওয়া হয়েছে। জুলাই মাসেই এই প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে।
বাকি টাকা কবে মিলবে?
রিপোর্ট অনুযায়ী, আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের জানুয়ারি মাসে রাজ্য সরকারি কর্মীদের দেওয়া হবে বকেয়া ডিএ-র দ্বিতীয় কিস্তি। ওই বছরেরই জুলাই মাসে মেটানো হবে তৃতীয় কিস্তির টাকা। এরপর চতুর্থ তথা শেষ কিস্তির টাকা দেওয়া হবে ২০২৮ সালের জানুয়ারি মাসে। বকেয়া ডিএ কেন একলপ্তে না দিয়ে চার কিস্তিতে মেটাতে চাইছে রাজ্য, সে বিষয়টিও ট্রাইবুনালকে বিস্তারিতভাবে অবহিত করেছেন রাজ্যের আইনজীবী।
তবে ডিএ-তে কিছুটা কাটছাঁট হলেও, রাজ্যের সরকারি কর্মীদের জন্য আরও একটি বড় সুখবর রয়েছে। বুধবারই রাজ্যে গঠিত হয়েছে সপ্তম পে কমিশন। নতুন সরকার গঠনের মাত্র আড়াই মাসের মধ্যেই সরকারি কর্মীদের দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসন সূত্রের খবর, আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের মার্চ মাসের মধ্যেই এই সপ্তম পে কমিশনের সুপারিশ রাজ্যে কার্যকর করার কথা গুরুত্ব দিয়ে ভাবছে সরকার।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন