মুম্বই: সোফায় আরাম করে বসে একমনে মোবাইল ফোন ঘাঁটছেন এক বর্ষীয়ান রাজনৈতিক নেতা! আর তাঁর পায়ের কাছে মেঝেতে বসে একটি থালায় পা দুটি তুলে দুধ ঢেলে ভক্তিভরে ধুয়ে দিচ্ছেন দুই যুবক। শুধু তা-ই নয়, গায়ে-পায়ে ফুল ছিটানো থেকে শুরু করে ফলমূল অর্পণ আর কপালে তিলক কেটে সাষ্টাঙ্গে প্রণাম— যেন কোনো ঈশ্বরের সাক্ষাৎ আরাধনা চলছে! সোশ্যাল মিডিয়ায় এরকমই একটি গা শিউরে ওঠানো ভিডিও ভাইরাল হতেই দেশজুড়ে তীব্র হাসাহাসি ও নিন্দার ঝড় উঠেছে। আর এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন মহারাষ্ট্র কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভাপতি তথা বিধানসভার প্রাক্তন স্পিকার নানা পাটোলে।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই তেড়েফুড়ে ময়দানে নেমেছে গেরুয়া শিবির। রাজপরিবারের মানসিকতা আর চরম ঔদ্ধত্যের প্রতীক আখ্যা দিয়ে কংগ্রেসের সংস্কৃতিকে তুলোধোনা করেছেন বিজেপি নেতা তথা রাজ্য বিধানসভার মন্ত্রী চন্দ্রশেখর বাওয়ানকুলে। প্রবল বিতর্কের মুখে অবশ্য সাফাই গেয়েছেন কংগ্রেস নেতা পাটোলে। তাঁর দাবি, গুরুপূর্ণিমার দিন পরিবারেরই কনিষ্ঠ সদস্যরা তাঁকে 'গুরু' মেনে ভালোবেসে শ্রদ্ধা জানিয়েছেন, তিনি কাউকে বাধ্য করেননি। সেই সঙ্গে বিজেপিকে পাল্টা তোপ দেগে তিনি বলেন, "যাঁরা মন্দিরের প্রণামীর টাকা চুরি করে, তাঁদের থেকে সংস্কৃতি শেখার কোনো প্রয়োজন নেই।" সব মিলিয়ে, 'চরণসেবা'র এই ভাইরাল ক্লিপ ঘিরে এখন উত্তপ্ত মহারাষ্ট্রের রাজনৈতিক অলিন্দ।
হিডেন স্টোরিজ নিউজ

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন