কলকাতা: জোকা-ধর্মতলা মেট্রো প্রকল্পের জট কাটিয়ে ধর্মতলার ঐতিহ্যবাহী বিধানচন্দ্র রায় মার্কেট এলাকায় কাজের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। তবে উন্নয়ন প্রকল্পের পাশাপাশি ব্যবসায়ীদের রুটিরুজির স্বার্থকেও সমান অগ্রাধিকার দিয়েছে আদালত। সোমবার বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছে, মেট্রোর কাজের জন্য ব্যবসায়ীদের সাময়িকভাবে মাউন্টেড পুলিশ প্যাডক এলাকায় সরানো হলেও নির্মাণকারী সংস্থাকে লিখিত মুচলেকা দিতে হবে যে কাজ শেষ হওয়ামাত্রই তাঁদের পুরনো জায়গায় ফিরিয়ে আনা হবে। একই সঙ্গে অস্থায়ী পুনর্বাসন এলাকায় জল, বিদ্যুৎ-সহ যাবতীয় জরুরি পরিষেবা ও নিরাপত্তা নিশ্চিত করার পরেই তাঁদের স্থানান্তরের প্রক্রিয়া শুরু করা যাবে।
১৯৫৪ সালে প্রতিরক্ষা দফতরের জমিতে গড়ে ওঠা কলকাতার এই অন্যতম ব্যস্ত পাইকারি বাজারের ব্যবসায়ীরা কোনো লিখিত প্রতিশ্রুতি ছাড়া স্থানান্তরের আশঙ্কায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন। মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম ও গোপা বিশ্বাসের সওয়াল শোনার পর আদালত এই ভারসাম্যপূর্ণ নির্দেশ দিয়ে আগামী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় সমস্ত শর্ত পূরণ করে মেট্রো প্রকল্পের কাজ শুরুর সময়সীমা বেঁধে দিয়েছে।
হিডেন স্টোরিজ নিউজ

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন