বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ধর্ষণ, যৌন নির্যাতন এবং ব্ল্যাকমেলের অভিযোগে বড়সড় আইনি ধাক্কা তারকা ক্রিকেটার অভিষেক পোড়েলের। মঙ্গলবার মামলার শুনানিতে তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট।
অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এক ডাক্তারি পড়ুয়া। তাঁর দাবি, প্রায় সাড়ে তিন বছর অভিষেকের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। তাঁদের বিয়ের কথাও ঠিক হয়েছিল। কিন্তু প্রায় দেড় বছর আগে সম্পর্কের অবনতি ঘটে। অভিযোগকারিণীর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করা হয়েছিল। পরে সম্পর্ক খারাপ হওয়ার পর একাধিক গুরুতর অভিযোগ সামনে আসে। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্ত শুরু করে। অভিষেক অবশ্য প্রথম থেকেই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।
এর আগে, গত ১৯ জুলাই এই মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। পাশাপাশি অভিষেকের ফোন, ল্যাপটপ এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল। মঙ্গলবার ফের মামলাটি আদালতে উঠলে অভিষেককে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। অভিযোগকারিণীর কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও অভিষেকের কাছে রয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে। সেগুলি যাতে প্রকাশ্যে না আসে, তা নিশ্চিত করতেও ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন